র্যাশফোর্ডের ওপর অতি নির্ভরশীলতা মানছেন টেন হাগও
দলের অন্য খেলোয়াড়দের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
কাতার বিশ্বকাপের পর থেকে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন মার্কাস র্যাশফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেডও খেলছিল দারুণ। এরপর ছন্দ হারায় এই ফরোয়ার্ড, তার দলও পথ হারায়। ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের পর ইংলিশ ফুটবলারের প্রশংসার পাশাপাশি তার ওপর অতি নির্ভরশীল হওয়ায় বিষয়টি স্বীকার করে নিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। দলের অন্য খেলোয়াড়দের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ তার কণ্ঠে।
চলতি মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলস্কোরার র্যাশফোর্ড ২০২২ বিশ্বকাপের পর থেকে লিগে দারুণ পারফরম্যান্সে দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে গত ১৯ ফেব্রুয়ারি লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে লিগে গোল খরা চলছিল তার। জালের দেখা পাননি টানা তিন ম্যাচে।
ওই তিন ম্যাচের দুটিতে হেরে যায় তার দল, ড্র অন্যটি। তিন ম্যাচে ইউনাইটেড গোল করতে পারেনি একটিও। এর মধ্যে আছে লিভারপুলের কাছে ৭-০ গোলে হারের ম্যাচও।
কঠিন সময় পেছনে ফেলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গত বুধবারের লিগ ম্যাচে জালের দেখা পান র্যাশফোর্ড, তার একমাত্র গোলে ইউনাইটেড জেতে ১-০ ব্যবধানে।
২০২২-২৩ মৌসুমে লিগে ইউনাইটেডের ৪২ গোলের মধ্যে র্যাশফোর্ড করেছেন ১৫টি। কাতার বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের শীর্ষ লিগে ১১ বার জালের দেখা পেয়েছেন ২৫ বছর বয়সী ফুটবলার, যা এই সময়ে লিগের অন্য সব খেলোয়াড়ের চেয়ে বেশি।
ইউনাইটেড এই মৌসুমে র্যাশফোর্ডের ওপর অতি নির্ভরশীল কি-না, ব্রেন্টফোর্ড ম্যাচের পর বিবিসি স্পোর্ট এর এমন প্রশ্নের উত্তরে টেন হাগ বলেন, “হ্যাঁ, এটা সত্য।”
তবে এই ডাচ কোচ এটাও মনে করিয়ে দেন, তার দলে অন্য খেলোয়াড়রাও গোল করতে সক্ষম।
“তবে আমরা জানি যে অন্য খেলোয়াড়রাও গোল করতে পারে। ব্রুনোও (ফের্নান্দেস) গোল করতে পারে। আমাদের স্কোয়াডে আরও অনেক খেলোয়াড় আছে যারা গোল করতে সক্ষম।”
পরে ক্লাবের অফিসিয়াল মিডিয়া চ্যানেলে র্যাশফোর্ডকে প্রশংসায় ভাসান ৫৩ বছর বয়সী টেন হাগ। মৌসুমের বাকি অংশেও তার কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখার আশায় সাবেক আয়াক্স কোচ।
“প্রায় প্রতিটি ম্যাচে (র্যাশফোর্ডকে) নিয়ে কথা বলতে পারেন এবং যখন সে (নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে) রোববারের ম্যাচের মতো ছন্দে থাকে না, তখন সেটা আমাদের জন্য ভালো নয়। সে খুব ভালো খেলেছে। আমাদের তাকে ম্যাচে সুযোগ করে দিতে হবে, কিন্তু তাকে ও অন্য খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করেছেন র্যাশফোর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি জালের দেখা পেয়েছেন কেবল আর্লিং হল্যান্ড (৪২) ও কিলিয়ান এমবাপে (৩১)।
