অনভিজ্ঞতার কারণে অতিরিক্ত কার্ড দেখছে চেলসি, মত পচেত্তিনোর
তবে বিষয়টি নিয়ে খুব চিন্তার কিছু দেখছেন না এই আর্জেন্টাইন কোচ।
এমনিতেই মাঠের পারফরম্যান্স ভালো নয়, তারওপর চেলসি শিবিরে দুর্ভাবনা বাড়াচ্ছে কার্ডের ধাক্কা। বারবার হলুদ কার্ড দেখার কারণে খেলোয়াড়দের ম্যাচ মিস করতেও হচ্ছে। এত বেশি কার্ড কেন দেখতে হচ্ছে?-হয়তো অভিজ্ঞতার ঘাটতির কারণে এমনটা হচ্ছে বলে ধারণা দলটির কোচ মাওরিসিও পচেত্তিনোর।
এই কার্ডের খাড়ায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আসছে ম্যাচে রাহিম স্টার্লিং ও কোল পালমারকে পাবে না চেলসি। ব্যর্থতার বৃত্তে বন্দি দলের জন্য যা অবশ্যই ভালো কিছু নয়। তারপরও বিষয়টি নিয়ে খুব চিন্তার কিছু নেই বলেই দাবি পচেত্তিনোর।
চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৫৬টি হলুদ কার্ড দেখেছে চেলসি। গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে নিকোলাস জ্যাকসন, মালো গুস্তো, কনর গ্যালাহার, মার্কাস বেত্তিনেল্লি, স্টার্লিং ও পালমার দেখেন হলুদ কার্ড। তাদের মধ্যে স্টার্লিং ও পালমারের এটা পঞ্চম কার্ড হওয়ায় তারা খেলতে পারবেন না প্যালেসের বিপক্ষে।
এত বেশি কার্ড কেন দেখছে চেলসির খেলোয়াড়রা? দলে কি তাহলে শৃঙ্খলাবোধের অভাব আছে?-সোমবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পচেত্তিনো বলেন, ‘তেমন কোনো কারণ নয়।‘
তবে, অভিজ্ঞতার ঘাটতি থাকায় এবং ম্যাচের পরিস্থিতি বুঝতে না পারার জন্য এত বেশি হলুদ কার্ড দেখতে হচ্ছে তার খেলোয়াড়দের।
“আমরা একটি বড় ক্লাব এবং খেলোয়াড়রা এর চাপ অনুভব করছে। যখন হতাশা কাজ করে এবং কিছুটা অভিজ্ঞতার ঘাটতি থাকে, তখনই এমনটা হয়। এই জায়গায় আমরা উন্নতি করতে পারি। এটা প্রিমিয়ার লিগে (কোল) পালমারের প্রথম মৌসুম এবং ব্যাপারটা স্বাভাবিক।”
“সে (পালমার) চেলসির হয়ে খেলছে। অবশ্যই, এটা হতাশাজনক। কিন্তু খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে, খেলোয়াড়রা জিততে চায়। শৃঙ্খলার অভাবের বিষয় নয়, এটা ম্যাচের পরিস্থিতি বোঝার দক্ষতার ব্যাপার।”
ঘরের মাঠে বুধবার প্যালেসের বিপক্ষে খেলবে চেলসি। ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে পচেত্তিনোর দল। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে ১৫ নম্বরে প্যালেস।
