২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটার, কলিনদ্রেসে আবাহনীর জয়, শিরোপা দৌড়ে পিছিয়ে গেল শেখ জামাল

লিগ টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে চাপে রাখল মারিও লেমোসের দল।

পিটার, কলিনদ্রেসে আবাহনীর জয়, শিরোপা দৌড়ে পিছিয়ে গেল শেখ জামাল

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 05:48 PM

Updated : 04 Feb 2023, 06:15 PM

প্রথমার্ধে সুযোগ তৈরির পাশাপাশি কাজেও লাগালেন আবাহনীর পিটার এনওরাহ ও দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। বিবর্ণতা কাটিয়ে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু জয়ের হাসি শেষ পর্যন্ত আকাশী-নীল জার্সিধারীদের।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার শেখ জামালকে ২-১ গোলে হারায় আবাহনী। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মারিও লেমোসের দল। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৪।

চাপ দিয়ে দ্রুত গোল আদায় আবাহনীর

লিগে দুই দলের আগের ম্যাচের স্মৃতি শেখ জামালের জন্য দুঃসহ। ৫-০ গোলে স্রেফ খড়কুঁটোর মতো উড়ে গিয়েছিল ধানমন্ডির দলটি। এ ম্যাচের শুরুটাও দুর্দান্ত করে আবাহনী। প্রতিপক্ষের রক্ষণে চাপ দিয়ে সুযোগ তৈরি করতে থাকে তারা।

অষ্টম মিনিটে রাফায়েলের ছোট পাসে সোলেরার শট গোলরক্ষক নাঈম আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ঠেকান। দুই মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি নাঈম। ইউসেফ মোহাম্মদের ক্রসে পিটার এনওরাহর হেড জালে জড়ায়।

কলিনদ্রেসের ব্যবধান দ্বিগুণ করা ঝলক

শুরু থেকে সতীর্থদের বলের জোগান দিতে বেশি ব্যস্ত ছিলেন কলিনদ্রেস। আক্রমণের ভার ছিল রাফায়েল, এনওরাহদের কাঁধে। পঞ্চদশ মিনিটে রাফায়েলের বাঁকানো শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক। ২২তম মিনিটে ওতাবেকের ফ্রি কিক ফেরান শহীদুল আলম সোহেল; প্রথমার্ধে এটাই ছিল শেখ জামালের উল্লেখ করার মতো একমাত্র আক্রমণ।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের উচ্ছ্বাসে মাতে আবাহনী। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আগ মুহূর্তে পিটার টোকায় বল বাড়ান, নিচু বাঁকানো শটে জাল খুঁজে নেন কলিনদ্রেস। লিগে কোস্টা রিকার ফরোয়ার্ডের গোল হলো ৫টি।

পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা ফুটে ওঠে শেখ জামালের খেলায়। ৫৪তম মিনিটে কর্নেলিয়াসের ফ্রি কিকে দূরের পোস্টে ফাঁকায় থাকা সুলাইমান সিল্লাহ অনেকটা লাফিয়ে হেড করলেও বল যায় ক্রসবারের উপর দিয়ে। ৬৩তম মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্টে নেওয়া ওতাবেকের শট কোনোমতে হাঁটু দিয়ে আটকান আবাহনী গোলরক্ষক শহীদুল।

৭০তম মিনিটের স্পট কিকের পরীক্ষায় অবশ্য পারেননি শহীদুল। কর্নেলিয়াস স্টুয়ার্টের পেনাল্টি শটে গতি থাকায় বলের লাইনে ঝাঁপিয়েও নাগাল পাননি তিনি। সোহানুর রহমান সোহানকে বক্সের ভেতরে রেজাউল রেজা ফাউল করলে পেনাল্টি পেয়েছিল শেখ জামাল।

চলতি লিগে বসুন্ধরা কিংসের দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো ও শেখ রাসেলের এমফন উদোহর মতো কর্নেলিয়াসের গোলও হলো ৭টি।

আরেকটি হারে শিরোপা লড়াই থেকে আরেকটু দূরে

ঘুরে দাঁড়ানো গোল পুজি করে বাকিটা সময়ে আর কোনো চমক দেখাতে পারেনি শেখ জামাল। শেষ পর্যন্ত চলতি লিগে তৃতীয় হারের তেতো স্বাদ পেতে হয় তাদেরকে।

এই হারে ২০১৪-১৫ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জেতা দলটি শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়ল আরও। সাত ম্যাচে ১২ পয়েন্ট তাদের।

শেখ রাসেল ও পুলিশের জয়

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় আজমপুর ফুটবল ক্লাব উত্তরার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৫৫তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চার্লস দিদিয়ের। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।

অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট পুলিশ এফসির।