০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে আবাহনী

নির্ধারিত নব্বই মিনিট শেষের আগ মুহূর্তে আবাহনীকে জয়সূচক গোল এনে দেন দানিলো কুইপা।

ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে আবাহনী

এএফসি কাপের বাছাইয়ে ঈগলসকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 05:36 PM

Updated : 16 Aug 2023, 11:58 PM

কর্দমাক্ত, ভারি মাঠে বলের নিয়ন্ত্রণ নিতে বেগ পেতে হলো দুই দলকেই। ঘরের মাঠে ছন্দময় ফুটবল খেলতে না পারলেও শুরুতে ঠিকই এগিয়ে গেল আবাহনী। দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিল মালদ্বীপের দল ঈগলস। শেষ মুহূর্তে দানিলো কুইপার দারুণ হেড গড়ে দিল ম্যাচের ভাগ্য। এএফসি কাপের বাছাইয়ের প্লে-অফের মঞ্চে উঠল বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি।

সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ঈগলসকে ২-১ গোলে হারায় আবাহনী। কর্নেলিয়াস স্টুয়ার্ট আবাহনীকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান রিজুভান আহমেদ। শেষ দিকে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

প্লে-অফে আবাহনীর প্রতিপক্ষ মোহন বাগান। নেপালের মাচ্চিন্দ্রাকে ৩-১ গোলে হারিয়ে প্লে-অফের মঞ্চে উঠে এসেছে ভারতের দলটি। আগামী ২২ অগাস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মূল পর্বে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই ঐতিহ্যবাহী দল।

কদিনের ভারী বর্ষণে কর্দমাক্ত মাঠে আবাহনীর শুরুটা ছিল আক্রমণাত্মক। পঞ্চম মিনিটে মুজাফ্ফর মুজাফ্ফরভের শট হাত উঁচিয়ে আটকে দেন গোলরক্ষক। ১০ মিনিট পর উজবেকিস্তানের এই মিডফিল্ডারের বক্সের বাইরে থেকে জোরাল শটও রুখে দেন ঈগলস গোলরক্ষক।

২০তম মিনিটে পাওয়া প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। ডেভিড ইফেগুয়ের ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন কর্নেলিয়াস। ৪৫তম মিনিটে ডেভিডের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। তবে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় ‘আকাশি-নীল’ জার্সিধারীরা।

৬৩তম মিনিটে সমতায় ফেরে মালদ্বীপের দলটি। মিলোভান পেত্রোভিচির ফ্রি কিকে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নেন রিজুভান আহমেদ।

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৮১তম মিনিটে সতীর্থের ক্রসে হুমাইদ হোসেনের হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হলে বেঁচে যায় আবাহনী।

একটু পর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ কড়া নাড়ে আবাহনীর দরজায়। তবে মোজাফ্ফরভের ফ্রি কিকে মিলাদ শেখ সোলেমানির ডাইভিং হেড লক্ষ্যে ছিল না, বল চলে যায় বাঁয়ে থাকা এমেকা ওহবাহর পায়ে। তার বাড়ানো আড়াআড়ি ক্রসে মিলাদের হেড অল্পের জন্য বাইরে যায়।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৮৯তম মিনিটে কর্নার আদায় করে নেয় আবাহনী। মোজাফ্ফরভের কর্নারে দূরের পোস্টে থাকা দানিলোর হেডে ফের এগিয়ে যায় আবাহনী। প্লে-অফে ওঠার আনন্দে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।