২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ ক্যান্সারে আক্রান্ত

তবে নিয়মিত চিকিৎসায় ৮০ বছর বয়সী পারেইরা শরীর বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে বলে জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 03:44 PM

Updated : 13 Jan 2024, 03:44 PM

ব্রাজিলকে ১৯৯৪ সালের বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস আলবের্তো পারেইরা ক্যান্সারে ভুগছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এই কোচের কেমোথেরাপি চলছে।

৮০ বছর বয়সী পারেইরার শারীরিক অবস্থার বিষয়ে শুক্রবার জানায় সিবিএফ। ‘হজকিন’স লিম্ফোমা’ নামক একটি রোগে আক্রান্ত তিনি, এটি এক ধরনের ব্লাড ক্যান্সার।

সাও পাওলোর হসপিটাল সামারিতানোয় চিকিৎসা চলছে পারেইরারর। তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত চিকিৎসায় বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে পারেইরার শরীর।

কঠিন এই সময়ে পাশে থাকা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছে পারেইরার পরিবার।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পারেইরার কোচিংয়ে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপাটি জেতে। এরপর ২০০৩-২০০৬ মেয়াদে আবার স্বদেশের জাতীয় দলের কোচ ছিলেন পারেইরা। এই মেয়াদে দেশকে ২০০৪ সালের কোপা আমেরিকা ও পরের ফিফা কনফেডারেশন্স কাপ জেতান তিনি। তবে ২০০৬ বিশ্বকাপে ট্রফি ধরের স্বপ্ন পূরণ হয়নি তাদের; হেরে যায় কোয়ার্টার-ফাইনালে।