১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কষ্টের জয়ে শুরু ইউনাইটেডের

অনেক সুযোগ হাতছাড়ার মাশুল দিয়ে হেরে গেছে উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 03:08 AM

Updated : 15 Aug 2023, 04:59 AM

গোল মুখে গিয়ে নিজেদের যেন খুঁজে ফিরলেন দুই দলের ফরোয়ার্ডরা। একের পর এক সুযোগ এলেও সেভাবে গোলরক্ষকের পরীক্ষাই নিতে পারছিলেন না তারা। ফরোয়ার্ডদের হতাশার দিনে এগিয়ে এলেন দুই ডিফেন্ডার অ‍্যারন ওয়ান-বিসাকা ও রাফায়েল ভারানে। তাদের নৈপুণ‍্যে জয় দিয়ে মৌসুম শুরু করল ম‍্যানচেস্টার ইউনাইটেড। 

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে নিজেদের প্রথম ম‍্যাচে ১-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। ওয়ান-বিসাকার কাছ থেকে বল পেয়ে চমৎকার হেডে একমাত্র গোলটি করেছেন ভারানে। 

মৌসুম শুরুর মাত্র কয়েক দিন আগে কোচ হারানো উলভারহ‍্যাম্পটন শুরুটা ভালো করে। ইউনাইটেডের গতিময় ফুটবলের জবাব দেয় আক্রমণাত্মক ফুটবলে।

শুরু থেকে জমে ওঠা ম‍্যাচে প্রথম ভালো সুযোগ পায় স্বাগতিকরা। দ্বাদশ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের শট ঠেকিয়ে দেন উলভারহ‍্যাম্পটন গোলরক্ষক জোসে সা। প্রথমার্ধে গোলের জন‍্য আট শট নিয়ে এই একটিই কেবল লক্ষ‍্যে রাখতে পারে ইউনাইটেড। 

বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরি করায় এগিয়ে ছিল উলভারহ‍্যাম্পটন। ২৭তম মিনিটে বল নিয়ে প্রায় ৭০ গজের মত এগিয়ে যান মাথেউস কুইয়া। ডি বক্সের কাছাকাছি গিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন পাবলো সারাবিয়াকে। স্প‍্যানিশ মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। 

ছয় মিনিট পর আবার সামর্থ‍্যের ঝলক দেখান কুইয়া। দারুণ গতিতে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে পেছনে ফেলে দেন তিনি। তার আড়াআড়ি শটের নাগাল পাননি গোলরক্ষব আন্দ্রে ওনানাও। কিন্তু একটুর জন‍্য বল থাকেনি লক্ষ‍্যে, বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। 

লুক শর আপাত সাদামাটা ক্রস ধরতে গিয়ে তালগোল পাকিয়ে বিপদ ডেকে এনেছিলেন উলভারহ‍্যাম্পটন গোলরক্ষক সা। কিন্তু আলগা বলে ঠিক মতো শট নিতে পারেননি আন্তোনিও। পরে পা ছোঁয়াতে পারেননি আলেহান্দ্রো গার্নাচো। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত সফরকারীরা। কিন্তু মাত্র ৩ গজ দূর থেকে পোস্টে মেরে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কুইয়া। 

৭২তম মিনিটে পাল্টা আক্রমণে আরেকটি দারুণ সুযোগ পায় উলভারহ‍্যাম্পটন। কুইয়ার কাছ থেকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গা থেকে পেদ্রো নেতো শট নেন গোলরক্ষক বরাবর! 

চার মিনিট পর দুই ডিফেন্ডারের নৈপুণ‍্যে এগিয়ে যায় ইউনাইটেড। ওয়ান-বিসাকার উঁচু করে বাড়ানো বলে চমৎকার হেডে জাল খুঁজে নেন ভারানে। বাকি সময়ে ব‍্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের দল।