২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশা করি সালাহ-ওয়াতারু গ্রুপ পর্বেই বাদ পড়বে’

মহাদেশীয় টুর্নামেন্টে খেলতে যাওয়া নিজেদের দুই খেলোয়াড়কে নিয়ে মজা করেই এই কথা বললেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 10:21 PM

Updated : 05 Jan 2024, 10:21 PM

দেশের হয়ে খেলতে যাওয়া মোহামেদ সালাহ ও ওয়াতারু এন্দোকে কি শুভকামনা জানাবেন ইয়ুর্গেন ক্লপ? মহাদেশীয় টুর্নামেন্টে তাদের দেশের অগ্রগতি যে লিভারপুলের জন্য ক্ষতিকর! এই পরিস্থিতিতে কি করবেন অ্যানফিল্ডের দলটির কোচ? মজা করেই বললেন, তিন চান মিশর ও জাপান বাদ পড়ে যাক গ্রুপ পর্বেই।

মিশরের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সে খেলবেন তারকা স্ট্রাইকার সালাহ। জাপানের হয়ে এশিয়ান কাপে খেলবেন লড়াকু মিডফিল্ডার ওয়াতারু। তাদের দল টুর্নামেন্টে যত এগিয়ে যাবে, লিভারপুলের অপেক্ষা তত বাড়বে।

আপাতত তাদের ছাড়াই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ক্লপ। রোববার এফএ কাপে তার দল খেলবে আর্সেনালের বিপক্ষে। এই লড়াইকে সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলেন লিভারপুল কোচ বললেন, বাস্তবতা মেনে নিয়েই একাদশ সাজানোর কথা ভাবছেন তিনি। 

“যদি বলি ওদের শুভকামনা জানিয়েছি, তাহলে মিথ্যা বলা হবে। আশাকরি, ওরা গ্রুপ পর্বেই বাদ পড়ে যাবে। তবে হয়তো এটা সম্ভব হবে না। শুভকামনা এবং আশাকরি ওরা সুস্থ থেকেই ফিরে আসবে। আমি খুবই ইতিবাচক আছি যে, ওদের (জায়গায় খেলানোর মতো) বিকল্প পেয়ে যাব। অন্য খেলোয়াড়রা উইংয়ে খেলতে পারবে কিন্তু মোর (সালাহ) মতো করে নয়, এটা সম্ভব নয়…।” 

“আমরা কি মোকে ছাড়া খেলতে চাই? না, কিন্তু আমরা একটা পথ বের করে নেব। আমরা আর্সেনালের বিপক্ষে খেলতে পারি এবং মো সালাহকে নিয়েও হারতে পারি। তবে এই মুহূর্তে আমাদের ম্যাচ জেতার সম্ভাবনা আছে, তাই আমরা এটা নিয়েই ভাবছি।”

আর্সেনাল ম্যাচের তিন দিন পর লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে ফুলহ্যামের বিপক্ষে খেলবে লিভারপুল। দুটি ম্যাচেই সম্ভাব্য সেরা একাদশ খেলাতে এই বিরতি যথেষ্ট মনে করছেন ক্লপ।

“আমি নিশ্চিত নই যে, আর্সেনাল ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর মতো ম্যাচ কী না। আমি নিশ্চত নই যে, এই সুযোগ আমাদের আছে। আমরা ভালো একটা একাদশ সাজাতে পারি। আমি নিশ্চিত, আমরা সেটাই করব। দুই ম্যাচের মধ্যে আমাদের কয়েক দিন সময় আছে। এটা যথেষ্ট দীর্ঘ, তাই আমাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্রয়োজন নেই।”

“আমরা এই ম্যাচগুলো জিততে চাই। আমরা লিগ কাপের ফাইনালে যেতে চাই এবং এফএ কাপেও পরের রাউন্ডে যেতে চাই।”