২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ১১ ম্যাচ জিতে শাভি বললেন, ‘আরও উন্নতি চাই’

বার্সেলোনা কোচের বিশ্বাস, এর চেয়েও ভালো খেলার সামর্থ্য আছে তার দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 05:43 PM

Updated : 13 Feb 2023, 05:57 PM

চলতি বছরে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। দুর্দান্ত পথচলায় লা লিগায় ভিয়ারিয়ালকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের স্বাদ পেয়েছে কাতালান ক্লাবটি। তবে এখনও অনেক উন্নতির জায়গা দেখছেন দলটির কোচ শাভি এরনান্দেস। আরও ভালো খেলার সামর্থ্য তাদের আছে বলে মনে করেন তিনি।

ভিয়ারিয়ালের মাঠে রোববার ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে তারা।

জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেও ম্যাচে ভিয়ারিয়াল বেশ কয়েকবার সমস্যায় ফেলেছিল বার্সেলোনাকে। প্রতিপক্ষের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্নও হতে পারত।

দলের খেলায় তাই আরও উন্নতি দেখতে চান শাভি। ম্যাচের পর মুভিস্টার প্লাসকে ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার বলেন, ভিয়ারিয়ালের ওপর প্রাধান্য বিস্তার করতে পারেননি তারা।

“এখনও অনেক পয়েন্ট জেতার বাকি আছে। আমরা যে ফর্মে আছি তা অসাধারণ, তবে আমরা এখনও কিছু জায়গায় উন্নতি করতে পারি।”

“ভিয়ারিয়াল বল দখলে রাখতে চেয়েছিল এবং তারা আমাদের চেপে ধরেছিল। আমরা অনেক পাস মিস করেছি এবং এজন্য শেষ পর্যন্ত আমাদের ভুগতে হয়েছে।”

২১ ম্যাচে ১৮ জয় ও ২ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে শাভির দল। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে রিয়াল, এক ম্যাচ কম খেলেছে তারা।

চলতি আসরে এখন পর্যন্ত মাত্র ৭টি গোল হজম করেছে বার্সেলোনা, ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে যে কোনো দলের চেয়ে যা ৬টি কম। শাভি মনে করেন, দলগত প্রচেষ্টায় জমাট হয়েছে তাদের রক্ষণ।

“রক্ষণের দিকটা আমাদের প্রধান অস্ত্র নয়, তবে এটি আমাদের জন্য ফলাফল নিয়ে আসছে। রবের্তের (লেভানদোভস্কি) থেকে রক্ষণ শুরু হয়, যা খুব লক্ষ্যনীয়। ভিয়ারিয়ালকে আমরা বড় কোনো সুযোগ দিইনি এবং আমরা খুব খুশি হয়ে ফিরে যাচ্ছি।”