২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুস ছেড়ে ইন্টারে কুয়াদরাদো

তুরিনের ক্লাবটির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 03:31 PM

Updated : 20 Jul 2023, 03:31 PM

আসছে মৌসুম সামনে রেখে নতুন ঠিকানা বেছে নিলেন হুয়ান কুয়াদরাদো। এক বছরের চুক্তিতে ইউভেন্তুস ছেড়ে ইন্টার মিলানে যোগ দিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড।

৩৫ বছর বয়সী কুয়াদরাদোর যোগ দেওয়ার বিষয়টি গত বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইন্টার।

গত জুনে ইউভেন্তুসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় কুয়াদরাদোর। তাই ‘ফ্রি এজেন্ট’ হিসেবে তিনি নাম লেখালেন আরেক ইতালিয়ান ক্লাব ইন্টারে।

২০১৫ সালে ধারে চেলসি থেকে ইউভেন্তুসে যোগ দেন কুয়াদরাদো। দুই বছর পর তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় তুরিনের ক্লাবটি।

ইউভেন্তুসের হয়ে পাঁচটি সেরি আ, চারটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জেতেন কুয়াদরাদো। আর চেলসি অধ্যায়ে তার অর্জন একটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা।

২০২২-২৩ মৌসুমে ইউভেন্তুসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭টি ম্যাচ খেলে দুটি গোল করেন কুয়াদরাদো।

২০১৪ বিশ্বকাপ ও ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের কীর্তি গড়েন কুয়াদরাদো।

জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন কুয়াদরাদো। কলম্বিয়ার জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল গোলরক্ষক দাভিদ ওসপিনা (১২৭ ম্যাচ)।