২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের ড্রয়ে ভিএআরকে দুষলেন মার্তিনেস

আর্জেন্টাইন স্ট্রাইকার মনে করেন, এত বছর পরও ঠিকঠাক কাজ করতে পারছে না ভিএআর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 04:33 PM

Updated : 08 Jan 2023, 04:33 PM

মনসার বিপক্ষে জয়ের প্রত্যাশা পূরণ হয়নি ইন্টার মিলানে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আত্মঘাতী গোলে পয়েন্ট ভাগভাগি করেছে দলটি। পুরো তিন পয়েন্ট না পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ লাউতারো মার্তিনেস। ইন্টারের বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন স্ট্রাইকার ধুয়ে দিয়েছেন ভিএআরকে। তার মতে, ম্যাচে সবকিছু নষ্ট করে দিয়েছে এই প্রযুক্তি। 

নতুন বছরটা দারুণভাবে শুরু করেছিল ইন্টার, গত বুধবার জিতেছিল নাপোলির বিপক্ষে। যা ছিল সেরি আর শীর্ষে থাকা দলটির মৌসুমে প্রথম হার। তাদের বিপক্ষে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নেমেছিল সিমোনে ইনজাগির দল। কিন্তু শনিবারের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। 

এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। 

ম্যাচে ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় ফ্রান্সেসকো আসেরবি মনসার জালে বল পাঠান। সেটি গোল হলে ৩-১ গোলে এগিয়ে যেতে পারত ইন্টার এবং শেষ পর্যন্ত তা হয়তো জিততেও পারত তারা। 

কিন্তু তা আর হয়নি। কারণ, বল জালে জড়ানোর আগেই রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে দেন। পরে রিপ্লেতে দেখা যায় যে, মনসার দুই খেলোয়াড় নিজেদের মধ্যে সংঘর্ষে পড়ে যান। রেফারি বল জালে যাওয়ার আগেই বাঁশি বাজানোর কারণে ভিএআর আর তাতে হস্তক্ষেপ করতে পারেনি। পরে ইন্টারের হতাশা আরও বাড়িয়ে যোগ করা সময়ে ডেনজেল ডামফ্রিসের আত্মঘাতী গোলে সমতা টেনে ম্যাচ শেষ করে মনসা। 

ম্যাচ শেষে ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্তিনেস। স্কাই স্পোর্ট ইতালিয়াকে তিনি বলেন, ওই ঘটনাটি পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে। 

“আমি ভিএআরের পক্ষে নই এবং আজ এটি সবকিছু নষ্ট করে দিয়েছে। এটি একটি বড় পার্থক্য তৈরি করে দিয়েছে, কারণ ওই ঘটনাটি শেষ পর্যন্ত ম্যাচটিকে বদলে দিয়েছে।” 

“যেমনটা কোচ আমাদের লকার রুমে বলেছেন, চার বা পাঁচ বছর পরও ভিএআর যদি সঠিকভাবে কাজ না করে, তবে বিষয়গুলো পরিষ্কার নয়।” 

স্কাই স্পোর্ট ইতালিয়ার সঙ্গে আলাপচারিতায় ইনজাগির কণ্ঠেও মিশে ছিল হতাশার সুর। ইতালির সাবেক এই ফুটবলার মনে করেন, বড় একটি ভুলের মাশুল গুনতে হয়েছে তাদের। 

“আমরা খুব ক্ষুব্ধ; কারণ, স্পষ্টতই একটি ভুল সিদ্ধান্ত ছিল। ভিএআর ব্যবহারের পাঁচ বছর পর আজ এমন একটি ফাউল দেওয়া হলো, যেখানে মনসার দুজন খেলোয়াড় একে অপরকে ফেলে দিয়েছিল। সবাই জানে এসব পরিস্থিতিতে অপেক্ষা করতে হয় এবং কী হয় তা দেখতে হয়।” 

“লাউতারোর (মার্তিনেস) শট পোস্টে লেগে ফিরে আসা ছাড়াও আমরা ৩-১ এ এগিয়ে থাকতে পারতাম, কিন্তু এর পরিবর্তে আমরা একটি গুরুতর ভুল থেকে আসা ড্র নিয়ে কথা বলছি।”