২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহর জোড়া গোলে জয়ে ফিরল লিভারপুল

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে দুটি করে গোল করলেন মিশরের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 07:35 PM

Updated : 21 Oct 2023, 08:16 PM

আবারও জোড়া গোল করলেন মোহামেদ সালাহ। আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফেরার পর শুরুটাও দারুণ হলো লিভারপুলের। এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে শনিবার লিগ ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর ব্যবধান গড়ে দেন সালাহ।

গত মাসের শেষে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ ব্যবধানে হারের পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-২ ড্র করে লিভারপুল। ব্রাইটনের মাঠেও দুটি গোল করেছিলেন সালাহ।

জয়ের ধারায় ফিরতে এদিন শুরু থেকেই মরিয়া ছিল লিভারপুল। এভারটনের জন্য তো চ্যালেঞ্জ ছিল আরও কঠিন; আগের আট ম্যাচে যে মাত্র দুটি জয়ের দেখা পেয়েছে তারা।

তবে অনেকটা সময় একজন কম নিয়ে মার্সিসাইড ডার্বির এই লড়াইয়ে শুরু থেকেই বেশ ভুগতে হয় এভারটনকে। ৩৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন দলটির ডিফেন্ডার অ্যাশলে ইয়াং।

লিভারপুলের প্রবল আক্রমণের মুখেও ১০ জন নিয়ে অনেকটা সময় জাল অক্ষত রাখতে সক্ষম হয় এভারটন। ৭৫তম মিনিটে গিয়ে অবশেষে ভাঙে ডেডলক।

এভারটনের ডি-বক্সে ডিফেন্ডার মাইকেল কিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সালাহ।

আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে দারউইন নুনেসের পাস বক্সে পেয়ে কাছ থেকে অনায়াসে জয় নিশ্চিত করেন সালাহ। এবারের লিগে তার গোল হলো ৭টি।

দারুণ এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ২০। সমান ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল।