২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের মাঝে ‘প্রতিক্রিয়া’ দেখতে চান বায়ার্ন কোচ

বরুশিয়া ডর্টমুন্ডের দিকে না তাকিয়ে থেকে নিজেদের কাজটা ঠিকঠাক করতে চান টমাস টুখেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 05:45 PM

Updated : 29 Apr 2023, 05:53 PM

টমাস টুখেল বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার পর থেকে অল্প সময়েই বদলে গেছে বুন্ডেসলিগার চিত্র। নিজেদের সবশেষ দুই ম্যাচে জিততে ব্যর্থ দলটি নেমে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। কঠিন সময়ে দলের প্রতি লড়াকু মানসিকতার ডাক দিয়েছেন বায়ার্ন কোচ। তিনি বলেছেন, সময় এখন তাদের ঘুরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দেখানোর।

গত মার্চে ইউলিয়ান নাগেলসমানের স্থলাভিষিক্ত হন টুখেল। তার কোচিংয়ে প্রথম ম্যাচে জার্মানির শীর্ষ লিগে ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারায় বায়ার্ন। এরপরই হয় ছন্দপতন। জার্মান কাপের কোয়ার্টার-ফাইনালে তাদের বিদায় করে দেয় ফ্রেইবুর্ক।

ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট থেকে বিদায়ের পাশাপাশি লিগে হফেনহাইমের সঙ্গে ১-১ গোলে ড্র করে টুখেলের দল। এরপর ৩-১ গোলে হেরে যায় মাইন্সের কাছে।

ওই হারের পর ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বায়ার্ন। শীর্ষে থাকা ডর্টমুন্ড গত শুক্রবার বোচুমের সঙ্গে ড্র করে ১-১ গোলে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬১।

বায়ার্নের পরবর্তী ম্যাচ রোববার, হের্টা বার্লিনের বিপক্ষে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, আসছে ম্যাচগুলোতে স্রেফ জয়ের দিকেই চোখ তাদের।

“আমাদের জন্য এখনকার অবস্থানটা পরিষ্কার: এটি আর আমাদের হাতে নেই এবং এখন আমাদের ১৫ পয়েন্ট পেতে হবে।”

“আমাদের উন্নতি করতে হবে। প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব বেশি দেরি হয়ে যায়নি। আগের যেকোনো সময়ের চেয়ে রোববার আমাদের সেটা দেখানোর বেশি প্রয়োজন হবে। এটা আমাদের ওপরই নির্ভর করছে। নিজেদের মেলে ধরতে হবে এবং এরপর আশা করব তা যথেষ্ট হবে।”

হের্টা বার্লিনের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না সেন্টার-ব্যাক দায়দ উপেমেকানো। ম্যাচটি মিস করতে পারেন ডিফেন্ডার আলফুঁস ডেভিস ও স্ট্রাইকার এরিক মাক্সিম চুপো-মোটিংও।