র্যাশফোর্ড-গ্রিলিশদের ‘বিরোধ’ ক্লাবে, জাতীয় দলে সবাই ‘ঐক্যবদ্ধ’
ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার বললেন, জাতীয় দলে সবার মধ্যে বন্ধন দৃঢ়।
ইংল্যান্ড জাতীয় দলে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের ছড়াছড়ি। ক্লাব ফুটবলে একই শহরের এই দুই ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুমুল। তবে জাতীয় দলে এলেই সব ভেদাভেদ মিটে যায় বলে দাবি মার্কাস র্যাশফোর্ডের।
সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুম ম্যানচেস্টারের দুটি ক্লাবের জন্য ছিল ভিন্ন অনূভুতির। ইংলিশ প্রিমিয়ার লিগে এরিক টেন হাগের দল হয় তৃতীয়। দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়ে এবার অবশ্য লিগ কাপ জিতেছে তারা।
অন্যদিকে, সাফল্যে ভরা মৌসুম কাটিয়েছে সিটি। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ও এফএ কাপ জিতে ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে 'ট্রেবল' জয়ের কীর্তি গড়েছে তারা।
অনেক বছরের প্রচেষ্টার পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পেপ গুয়ার্দিওলার দল সিটি। দারুণ এই সাফল্যে নগর প্রতিদ্বন্দ্বীদের শুভেচ্ছা জানালেও তাদের উদযাপন দেখতে যে কষ্টই হয়েছে, তা অস্বীকার করলেন না র্যাশফোর্ড।
“আমি ফুটবল দেখতে ভালোবাসি। দারুণ সব ম্যাচ দেখতে ভালো লাগে, আমি তা দেখেছিও।”
“কিন্তু তারা ম্যাচ জয়ের পর, তাদের উদযাপন দেখার কোনো দরকার ছিল না, তাই হ্যাঁ, আমি টিভি বন্ধ করে দিয়েছিলাম।”
এফএ কাপের ফাইনালে সিটির বিপক্ষে হেরেই রানার্সআপ হয় ইউনাইটেড। স্বাভাবিকভাবেই পেপ গুয়ার্দিওলার দলের একের পর এক সাফল্য দেখাটা সুখকর ছিল না র্যাশফোর্ডদের জন্য।
ইউরো ২০২৪-এর বাছাই খেলতে এখন ইংল্যান্ড দলের ক্যাম্পে আছেন ইউনাইটেড ও সিটির খেলোয়াড়রা। শুক্রবার মাল্টার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় র্যাশফোর্ড বললেন, ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার রেশ জাতীয় দলে টেনে আনেন না তারা।
“(খেলোয়াড়দের মধ্যে ক্লাবের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা) বেশ মজার হবে। তবে যেমনটা আমি বলেছি, তাদেরকে (সিটি) অভিনন্দন। আমার মতে তারা এটার প্রাপ্য, তারা এই বছর সেরা ফুটবল খেলেছে।”
“খেলোয়াড়রা যেখান থেকেই আসুক না কেন, এই দলের সবার মধ্যে বন্ধন দৃঢ়…তারা (সিটির ইংলিশ খেলোয়াড়রা) অনেক ভালো খেলোয়াড় এবং আমরা যদি আমাদের স্কোয়াডকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের তাদের প্রয়োজন।”
