২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেই হলান্ডের জোড়া গোল, আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল সিটি

সাউথ্যাম্পটনকে উড়িয়ে লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনল পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 12:27 AM

Updated : 09 Apr 2023, 01:26 AM

চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকলেও আর্লিং হলান্ডের দুর্দান্ত ফর্মে মরচে ধরেনি একটুও। ফিরেই জোড়া গোলের আনন্দে মাতলেন এই তারকা। দাপুটে ফুটবলে সাউথ্যাম্পটনকে উড়িয়ে লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। তাদের অন্য দুই গোলদাতা জ্যাক গ্রিলিশ ও হুলিয়ান আলভারেস।

এই জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনল সিটি। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে গত আসরের চ্যাম্পিয়নরা।

কুঁচকির চোটে আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের দুই ম্যাচে এবং লিগে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতা সিটির গত ম্যাচে খেলতে পারেননি হলান্ড। সাউথ্যাম্পটনের বিপক্ষে ফিরে যতক্ষণ খেললেন, তাতে আবারও তিনি সব আলো কেড়ে নিলেন নিজের দিকে।

পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। ইলকাই গিনদোয়ানের পাসে গ্রিলিশের দূরের পোস্টে নেওয়া শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

কেভিন ডে ব্রুইনের ভুলে ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ পায় সাউথ্যাম্পটন। নিজেদের অর্ধে বল পেয়ে এগিয়ে যান কামালদিন সুলেমানা, কিন্তু শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি, পোস্ট ছেড়ে এসে দলকে বিপদমুক্ত করেন এদেরসন।

৩৮তম মিনিটে সুযোগ পান হলান্ড। তবে ডে ব্রুইনের পাসে ঠিকমতো শট নিতে পারেননি নরওয়ের ফরোয়ার্ড। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আর ভুল করেননি তিনি। ডে ব্রুইনের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ২২ বছর বয়সী ফুটবলার।

প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট এর সেঞ্চুরি হলো ডে ব্রুইনের। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ওয়েইন রুনি, রায়ান গিগস, সেস ফাব্রেগাসের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন বেলজিয়ান মিডফিল্ডার। তবে, তার চেয়ে কম ম্যাচে (২৩৭) মাইলফলকটি ছুঁতে পারেননি আর কেউ। ফাব্রেগাসের ২৯৩ ম্যাচ ছিল আগের দ্রুততম।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। বক্সের ভেতর থেকে গিনদোয়ানের কোণাকুণি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

৫৮তম মিনিটে ব্যবধান বাড়ান গ্রিলিশ। ডে ব্রুইনের পাস ধরে বক্সে ঢুকে ইংলিশ মিডফিল্ডারের বাঁ পায়ের শট প্রথমে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল ডান পায়ের শটে জালে পাঠান তিনি।

২০২০ সালের অক্টোবরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে গোল করলেন গ্রিলিশ।

১০ মিনিট পরই নান্দনিক এক গোলে স্কোরলাইন ৩-০ করেন হলান্ড। গ্রিলিশ এবার গোলের জোগানদাতা। তার ক্রসে বক্সে ওভারহেড কিকে জাল খুঁজে নেন হলান্ড।

এই মৌসুমে সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে হলান্ডের গোল হলো ৪৪টি। এর মধ্যে প্রিমিয়ার লিগে তার ৩০ গোল হয়ে গেল ২৭ ম্যাচে, যা কোনো খেলোয়াড়ের দ্রুততম।

সিটির হয়ে সপ্তম হ্যাটট্রিকও হয়তো হয়ে যেতে পারত গত জুনে ক্লাবটিতে নাম লেখানো হলান্ডের। কিন্তু দ্বিতীয় গোল করার পরপরই তাকে তুলে আলভারেসকে নামান কোচ গুয়ার্দিওলা।

৭২তম মিনিটে ব্যবধান কমায় সাউথ্যাম্পটন। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শটে গোলটি করেন সেকু মারা।

অবশ্য তিন মিনিট পরই আলভারেসের সফল স্পট কিকে তিন গোলের লিড পুনরুদ্ধার করে সিটি। ডে ব্রুইনে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল সফরকারীরা।

আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে তিনে ফিরেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৯ ম্যাচে তাদের ৫৬ পয়েন্ট।

দিনের প্রথম ম্যাচে এভারটনকে হারিয়ে কিছু সময়ের জন্য তিনে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেড ফের চারে নেমে গেছে। নিউক্যাসলের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে আছে এরিক টেন হাগের দল।