কম্বোডিয়ায় প্রথম ম্যাচের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ
কম্বোডিয়া ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচেও জয়ের আশায় বাংলাদেশ দল।
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছার পর প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। দলের প্রস্তুতি নিয়ে খুশি কোচ ও খেলোয়াড়রা। কম্বোডিয়া ম্যাচের আগে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জয়ের আশায় তারা।
স্থানীয় সময় শনিবার রাত ৯টায় কম্বোডিয়া পৌঁছায় বাংলাদেশ দল। রোববার সকালে টিম হোটেলে জিম সেশনের পর বিকেলে কম্বোডিয়ার রাজধানী নমপেনের আর্মি স্টেডিয়ামে অনুশীলন করে দল।
আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল-জিকোরা।
বাফুফের ভিডিও বার্তায় ডিফেন্ডার রহমত মিয়া বললেন, প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট তারা।
“সকালে ছিল রিকভারি সেশন। বিকেলে ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ হয়েছে। আজকে অনুশীলন করে ভালো লাগছে। সবাই ভালোভাবে অনুশীলন করতে পেরেছে। এই দুই ম্যাচ নিয়ে আমাদের ঢাকা থেকে কাজ শুরু হয়েছে। আশা করি, আগামীকাল আমরা আশানুরূপ ফলাফল করতে পারব।”
গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার মাঠে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবারও জয়ের আশা কোচ হাভিয়ের কাবরেরার।
“আমরা অনেক আত্মবিশ্বাসী, আমাদের মূল লক্ষ্য সাফের জন্য প্রস্তুতি। আমরা জানি, গত সেপ্টেম্বরে এখানে আমরা ভালো করেছি। কম্বোডিয়া শক্তিশালী দল। তবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”
কম্বোডিয়া জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় আছে টিফফি আর্মি দলে। এই দলটিকে নিয়েও সতর্ক কাবরেরা।
“কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক দল তারা। লিগের শীর্ষ পাঁচ দলের একটি তারা। জাতীয় দলের কিছু খেলোয়াড় তাদের আছে, বিদেশিরাও আছে। সাফের প্রস্তুতির জন্য ভালো একটি ম্যাচ এটি।”
২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। আগের ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।
এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভূটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভূটান।
