২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের জয় নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া টেন হাগের কাছে ‘অপমানজনক’

‘ফুটবলে জয়ই শেষ কথা’, কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-০ গোলের লিড হারিয়ে টাইব্রেকারে জয় নিয়ে বললেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

ইউনাইটেডের জয় নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া টেন হাগের কাছে ‘অপমানজনক’

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 08:01 PM

Updated : 23 Apr 2024, 08:16 PM

টাইব্রেকারে জিতে এফএ কাপের ফাইনালে উঠলেও ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে প্রবল। মূল ম্যাচে ৩-০ গোলের লিড পেয়েও যে হারিয়ে ফেলে দলটি। চারদিকে এত নেতিবাচক প্রতিক্রিয়ায় বিরক্ত কোচ এরিক টেন হাগ। এসব তার দলের জন্য অসম্মানজনক বলে মনে করছেন তিনি।   

ওয়েম্বলিতে গত রোববার সেমি-ফাইনালে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল কভেন্ট্রি সিটির বিপক্ষে ৫৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৭১ থেকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটের মধ্যে তিন গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেয় কভেন্ট্রি। 

ম্যাচের শেষ কিকে চ্যাম্পিয়নশিপের দলটির মিডফিল্ডার ভিক্টর টর্প ইউনাইটেডের বল জালে পাঠালেও সামান্য ব্যবধানে অফসাইডে থাকায় ভিএআরে বাতিল হয়ে যায় গোল। ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে জায়গা করে নেয় টেন হাগের দল।  

প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মঙ্গলবার টেন হাগের সংবাদ সম্মেলনেও উঠল কভেন্ট্রি ম্যাচের প্রসঙ্গ। তার কাছে জানতে চাওয়া হয়, তাদের কষ্টে পাওয়া জয় নিয়ে কঠোর নেতিবাচক প্রতিক্রিয়া অনুধাবন করতে পারছেন কি-না। ডাচ কোচ উত্তর দেন অনেকটা অভিমানের সুরে, "না, একেবারেই না।” 

“একটি প্রশ্ন ছিল, ‘এটি কি বিব্রতকর?’ না, আপনাদের (গণমাধ্যম) প্রতিক্রিয়া ছিল বিব্রতকর।” 

"শীর্ষ ফুটবলে জয়ই শেষ কথা। আমরা ফাইনালে পৌঁছেছি এবং এটি আমাদের প্রাপ্য... আমরা ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, আমাদের ভাগ্যও খারাপ ছিল। শেষ পর্যন্ত আমরা খুব ভাগ্যবান ছিলাম। আমরা ফাইনালে উঠলাম, এটা বিশাল অর্জন। দুই বছরে দুবার ফাইনালে ওঠা অসাধারণ। একজন কোচ হিসেবে আমার জন্য চার বছরে চারটি কাপ ফাইনাল। মন্তব্যগুলো অসম্মানজনক।” 

টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর করা উদযাপন নিয়ে সমালোচনার মুখে পড়েন আন্তোনি। কভেন্ট্রির খেলোয়াড়দের উদ্দেশ্য করে দুই কানের পাশে হাত রেখে ছুটে যান এই ব্রাজিলিয়ান উইঙ্গার। 

টান হাগ অবশ্য আন্তোনির পাশেই দাঁড়ালেন। কোচের দাবি, তার ফুটবলারকে আগে উস্কে দেওয়া হয়েছিল। প্রতিপক্ষের প্রতি যে তাদের শ্রদ্ধার কমতি ছিল না, তা বোঝাতে হ্যারি ম্যাগুইয়ারের উদাহরণও টানলেন তিনি। রেফারির শেষ বাঁশি বাজার পর কভেন্ট্রির খেলোয়াড়দের সান্ত্বনা দিয়েছিলেন ম্যাগুইয়ার।  

“তাকে (আন্তোনি) উস্কে দেওয়া হয়েছিল। সে কারণেই তার প্রতিক্রিয়া অমন ছিল। আপনারা উস্কানি দেওয়া দেখেননি, শুধু প্রতিক্রিয়া দেখেছেন। যদিও তার এমনটা করা উচিত হয়নি।” 

"ম্যাচ শেষের পর আমি হ্যারি ম্যাগুইয়ার এবং অন্যদের দেখেছি। কভেন্ট্রির পারফরম্যান্স এবং ঘুরে দাঁড়ানোকে আমাদের কৃতিত্ব দিতে হবে। তবে ৭০ মিনিট পর্যন্ত আমরা পুরোপুরি আধিপত্য করেছি।” 

আগামী ২৫ মে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। গতবার ফাইনালে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল পেপ গুয়ার্দিওলার দল সিটি।