৬ গোলের রোমাঞ্চে সিটিকে রুখে দিল নিউক্যাসল
ম্যানচেস্টার সিটির হয়ে জালের দেখা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড আর্লিং হলান্ড।
চমৎকার শুরু। পঞ্চম মিনিটেই মিলল গোল। এরপর যেন উল্টো রথে ছুটল ম্যানচেস্টার সিটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নদের জালে একে একে তিনবার বল পাঠাল নিউক্যাসল ইউনাইটেড। তাতে সিটির সামনে পরাজয়ও চোখ রাঙাচ্ছিল একটা সময়। শেষ পর্যন্ত অবশ্য সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিওলার দল।
নিউক্যাসলের মাঠে রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চে ঠাসা ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
সিটির হয়ে একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান, আর্লিং হলান্ড ও বের্নার্দো সিলভা। নিউক্যাসলের তিন গোলদাতা মিগেল আলমিরন, ক্যালাম উইলসন, কিরান ট্রিপিয়ার।
এবারের লিগে প্রথমবার পয়েন্ট হারাল সিটি। এই ম্যাচের আগ পর্যন্ত চলতি আসরে একমাত্র দল হিসেবে জাল অক্ষত ছিল তাদের।
নিজেদের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ ও বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছিল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে নেমে পঞ্চম মিনিটে এগিয়ে যায় সিটি। ডান দিক থেকে সিলভার ক্রস ছয় গজ বক্সের মুখে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।
দশম মিনিটে প্রায় দ্বিগুণ হতে যাচ্ছিল ব্যবধান। হলান্ডের পাস ধরে কেভিন ডে ব্রুইনের নিচু শট দারুণভাবে ফিরিয়ে দেন নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ।
ষোড়শ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় নিউক্যাসল। তবে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন আলমিরন।
২৯তম মিনিটেই সেই আলমিরনই সমতায় ফেরান দলকে। বাঁ দিক থেকে অ্যালেন সেইন্ট-ম্যাক্সিমিনের ক্রসে ছয় গজ বক্সে পা ছোঁয়াতে ব্যর্থ হন জো উইললক। তার সঙ্গেই থাকা আলমিরনের হাঁটুতে লেগে বল জাল খুঁজে নেয়। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
১০ মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। এবারের গোলেও অবদান রাখেন ম্যাক্সিমিন। তার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের টোকায় জালে পাঠান উইলসন।
৫২তম মিনিটে সমতায় ফিরতে পারত সিটি। হলান্ডের জোরাল শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক পোপের হাত ছুঁয়ে পোস্টে লাগে। মিনিট দুয়েক পর উল্টো তৃতীয় গোল হজম করে বসে সফরকারীরা। চমৎকার ফ্রি কিকে গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার ট্রিপিয়ার।
৬২তম মিনিটে ব্যবধান কমান হলান্ড। রদ্রির পাসে কাছ থেকে হাফ ভলিতে বল জালে পাঠান তিনি। এই গ্রীষ্মেই সিটিতে যোগ দেওয়া নরওয়ের তরুণ এই ফরোয়ার্ডের লিগে তিন গোল হলো তিন ম্যাচে।
দুই মিনিট পর তিনি সুযোগ পান আরেকটি। এবার ওয়ান-অন-ওয়ানে তার প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক। ৬৪তম মিনিটে সমতা ফেরায় সিটি। ডে ব্রুইনের দারুণ পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলটি করেন সিলভা।
৭৩তম মিনিটে ডে ব্রুইনেকে নিউক্যাসলের ট্রিপিয়ার ফাউল করলে শুরুতে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের সাহায্যে আগের সিদ্ধান্ত বদলান তিনি, এবার দেন শুধু হলুদ কার্ড।
৭৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হারান হলান্ড। কাছ থেকে উড়িয়ে মারেন তিনি। বাকি সময়ে তেমন উল্লেখযোগ্য সুযোগ আর মেলেনি।
৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।
দিনের আরেক ম্যাচে লিডসের বিপক্ষে ৩-০ গোলে হারা চেলসি ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
