ফ্র্যাঞ্চাইজি হকিতে অবশেষে জিতল খুলনা
টানা পাঁচ হারের পর প্রথম জয়ের স্বাদ পেয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সাইফ পাওয়ার গ্রুপ খুলনা অবশেষে নিজেদের খুঁজে পেল। শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হারিয়ে দিল ওয়ালটন ঢাকাকে। ফ্র্যাঞ্চাইজি হকিতে পেল প্রথম জয়ের স্বাদ।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার ৫-৩ গোলে জিতে খুলনা। চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা পাঁচ হারের পর জিতল তারা।
আশা জাগানিয়া শুরু অবশ্য পেয়েছিল ঢাকা। রকিবুল ইসলাম রকির ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক আশরাফুল ইসলাম। তাতে আগের ম্যাচে হেরে আসা ঢাকার জয়ে ফেরার সম্ভাবনা উঁকি দেয়।
খুলনা খোলস ছেড়ে বেরিয়ে আসার শুরু তৃতীয় কোয়ার্টারের শুরুতে, তানজিম আহমেদের ফিল্ড গোলে। ৩৬তম মিনিটে সজীব হাসান সিফাতের হিটে সমতায় ফেরে তারা।
শেষ কোয়ার্টারে জমে ওঠে ম্যাচ। ৫৪তম মিনিটে তানজিম এগিয়ে নেন খুলনাকে। পরের মিনিটে ফিল্ড গোলে ঢাকাকে সমতায় ফেরান মঈনুল ইসলাম কৌশিক।
শেষ দিকে তিন মিনিটের মধ্যে মার্টিন ও রোকনুজ্জামান সোহাগের গোল নিশ্চিত করে দেয় খুলনার প্রথম জয়।
জয়ে ফিরল কুমিল্লা
দিনের দ্বিতীয় ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালকে ৪-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে রূপায়ন সিটি কুমিল্লা। আগের ম্যাচে একমি চট্টগ্রামের কাছে হেরেছিল তারা।
একাদশ ও অষ্টাদশ মিনিটের ফিল্ড গোলে কুমিল্লাকে চালকের আসনে বসান মিলন হোসেন। ২৪তম মিনিটে পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ান মালয়েশিয়ার ফরোয়ার্ড কিম সুং ইয়োব।
একটু পর ফিতরি বিন সারি ব্যবধান কমান। কিন্তু ৫৬তম মিনিটে সোহানুর রহমান সবুজের গোলে বরিশালের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়।
