যুব ভলিবলে রুদ্ধশ্বাস ম্যাচে চীনকে হারাল বাংলাদেশ
এশিয়ান যুব ভলিবলে পঞ্চম হয়েছে আলি পোর আরোজির দল।
এশিয়ান মেন’স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে আরও একটা রুদ্ধশ্বাস জয় উপহার দিল বাংলাদেশ। চারবারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে পঞ্চম স্থান লাভ করল তানভীর হোসেনরা।
বাহরাইনের রিফ্ফাতে রোববার স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ।
আগের দিন কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙলেও এদিন দারুণ উজ্জীবিত ছিল আলি পোর আরোজির দল।
টানা দুই সেট জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথম সেট ৩২-৩০ ও দ্বিতীয় সেট ২৫-১৯ পয়েন্টে জেতে তানভীর-রাশেদুলরা।
তবে এরপর টানা দুই সেট জিতে ঘুরে দাঁড়ায় চীন। তৃতীয় সেট ২৩-২৫ ও চতুর্থ সেট ২২-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ।
পঞ্চম সেট ১৫-১৩ পয়েন্টে জিতে ১৭ দলের প্রতিযোগিতায় পঞ্চম হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।
