গাভিকে বার্সাতেই দেখতে চান শাভি
শাভি এর্নান্দেস মনে করেন, ক্লাব ছাড়ার কোনো কারণ নেই তরুণ এই মিডফিল্ডারের।
বার্সেলোনায় গাভির ভবিষ্যৎ নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। শাভি এর্নান্দেস অবশ্য তাকে দেখতে চান কাতালান ক্লাবটিতেই। দলটির কোচ মনে করেন, অন্য কোনো ক্লাবে যোগ দিয়ে ‘সুখী’ হতে পারবেন না তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার।
গত জানুয়ারিতে যুব দল থেকে বার্সেলোনার মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হন গাভি। তবে খেলোয়াড়দের বেতন ও ক্লাবের আয়ের সমন্বয় না থাকায় গত মাসের শেষের দিকে আটকে দেওয়া হয় গাভির নিবন্ধন।
ফলে একাডেমির চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে এখন বার্সেলোনায় খেলছেন তিনি। চলতি মৌসুম শেষে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাবও ছাড়তে পারবেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। গুঞ্জন রয়েছে, এই তরুণকে দলে পেতে ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাব আগ্রহী। এর মধ্যে রয়েছে চেলসি ও বায়ার্ন মিউনিখের নামও।
তবে গাভিকে কাম্প নউয়ে ধরে রাখার ব্যাপারে আশাবাদী শাভি। লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচের আগের দিন শনিবার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ক্লাব ছাড়ার কোনো কারণই নেই গত বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করা গাভির।
“আমার মনে হয় না গাভি অন্য ক্লাবে খুশি থাকবে, তার সবকিছু এখানেই আছে। তার বয়স ১৮ বছর, সে আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমার চোখে সে অসাধারণ একজন ফুটবলার।”
“আমি জানি না সে কী সিদ্ধান্ত নেবে, তবে আমার মতে তার ভবিষ্যৎ এই ক্লাবেই।”
লা লিগায় ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল।
