২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গার্সিয়াকে বরখাস্ত করল আল নাস্‌র

খেলোয়াড়দের সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি এতে ভূমিকা রেখেছে বলে খবর সৌদি সংবাদ মাধ্যমের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 10:26 PM

Updated : 13 Apr 2023, 11:13 PM

শেষ পর্যন্ত সত্যি হলো গুঞ্জন। চাকরি হারালেন রুদি গার্সিয়া। আল নাস্‌রের দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন ফরাসি এই কোচ।

সৌদি আরবের ক্লাবটি বৃহস্পতিবার এক টুইটে গার্সিয়াকে ছাঁটাইয়ের কথা জানায়। সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে খবর এসেছিল যে, ক্রিস্তিয়ানো রোনালদোদের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। 

গত রোববার সৌদি প্রো লিগের ম্যাচে আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাস্‌র। ম্যাচের পর গার্সিয়া বলেছিলেন, “খারাপ ফলাফল। খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট নই।” 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, খেলোয়াড়দের সঙ্গে সাবেক রোমা কোচ গার্সিয়ার সম্পর্কের অবনতি ও তার খেলার ধরন নিয়ে অসন্তোষ ছাঁটাইয়ের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। 

গত বছরের শেষ দিনে পাঁচবারের ব্যালন দ’অর জয়ী রোনালদোকে দলে টানে আল নাস্‌র। নতুন লিগে এই তারকা ফরোয়ার্ড ভালো খেললেও তার দল সম্প্রতি নেই ছন্দে। লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে কেবল ৭ পয়েন্ট পেয়েছে তারা। 

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্‌র। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। লিগের ম্যাচ বাকি আছে আর সাতটি। ২০১৯ সালে সবশেষ শিরোপা জেতা দলটির সামনে এখন পথ অনেক কঠিন। 

গত জানুয়ারিতে সৌদি সুপার কাপের ফাইনালে আল-ইত্তিহাদের কাছে হেরে যায় আল নাস্‌র।