২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচে বর্ণবাদের অভিযোগের তদন্তে ফিফা

অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নিতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 09:47 PM

Updated : 20 Jun 2023, 09:47 PM

বয়সভিত্তিক ও সিনিয়র ফুটবলের দুটি আলাদা ম্যাচে সম্ভাব্য বর্ণবাদের ঘটনায় নড়েচড়ে বসেছে ফিফা। ম্যাচগুলিতে বর্ণবাদী আচরণের অভিযোগের তদন্ত করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

অস্ট্রিয়ায় গত সোমবার কুয়েত অনূর্ধ্ব-২২ ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ম্যাচ বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, আয়ারল্যান্ডের বদলি খেলোয়াড়দের একজনের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করেন কুয়েতের এক ফুটবলার।

অস্ট্রিয়াতেই একই দিনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় নিউ জিল্যান্ড ও কাতার। বর্ণবাদী আচরণের অভিযোগে প্রথমার্ধের পর এই ম্যাচও বাতিল করা হয়।

নিউ জিল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, প্রথমার্ধে তাদের খেলোয়াড় মাইকেল বক্সোল কাতার দলের এক ফুটবলারের বর্ণবাদী আচরণের শিকার হন।

আয়ারল্যান্ড ও কুয়েতের বয়সভিত্তিক ম্যাচটি আয়োজনে ফিফার অনুমোদনের প্রয়োজন ছিল না। তবে আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন সোমবারই টুইট করে বর্ণবাদের ঘটনাটি ফিফার কাছে রিপোর্ট করার কথা জানায়। তাই এখন সেটার তদন্ত করা হবে।

নিউ জিল্যান্ড ও কাতারের ম্যাচটি ফিফার অধীনে হয়েছে। তাই এই ম্যাচের রেফারির রিপোর্ট অবশ্যই সংস্থাটির কাছে পাঠাতে হবে।

ধারণা করা হচ্ছে, দুটি ঘটনার যেকোনো একটি অথবা দুটির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেবে ফিফা।

সাম্প্রতিক সময়ে কয়েকবার বর্ণবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে গত শনিবার স্পেনের বার্সেলোনায় গিনির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল।

গত কয়েক মাসে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়ে বারবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও ব্রাজিল দলের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। এরপর রিয়াল তারকার নেতৃত্বে একটি বর্ণবাদ বিরোধী কমিটির ঘোষণা দেন ফিফা প্রধান।