পাসপোর্ট দেখতে চাওয়ায় মদ্রিচ বললেন, ‘ফুটবলের প্রতি ভালোবাসাই আমার শক্তি’
৩৭ বছর বয়সেও ১২০ মিনিট মাঠ দাপিয়ে খেলে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন এই মিডফিল্ডার।
আর মাস তিনেক পরই বয়স পূর্ণ হবে ৩৮। লুকা মদ্রিচের পারফরম্যান্স দেখে কে বলবে! ১২০ মিনিটের ম্যাচের পুরোটা খেললেন তিনি। শুধু খেললেন বললে কমই বলা হয়, ম্যাচজুড়ে দাপিয়ে বেড়ালেন মাঠ। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত খেলে ক্রোয়েশিয়াকে তুলে নিলেন ফাইনালে। ম্যাচের পর এক সংবাদকর্মী তো মজা করে তার বয়স নিয়েই সংশয় জানালেন। জবাবে সার্টিফিকেট দেখাতে আপত্তি নেই জানিয়ে এই মিডফিল্ডার হেসে বললেন, ফুটবলের প্রতি ভালোবাসাই তার জ্বালানি।
উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে বুধবার রটারডামে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত খেলে ম্যাচের সেরার স্বীকৃতি পান মদ্রিচ।
রিয়াল মাদ্রিদের হয়ে লম্বা এক ক্লাব মৌসুম মাত্রই শেষ করেছেন মদ্রিচ। মৌসুমের মাঝামাঝি ছিল বিশ্বকাপও। মৌসুম শেষের ক্লান্তি-শ্রান্তি এখন যথেষ্টই থাকার কথা। কিন্তু মদ্রিচ যেন ক্লান্তিহীন এক প্রাণ। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচের শুরু থেকেই তিনি নামেন মাঠে। প্রথমার্ধে ডাচরা এগিয়ে থাকে ১-০তে।
দ্বিতীয়ার্ধে মদ্রিচকে থামাতেই বক্মের ভেতর ফেলে দেন কোডি হাকপো। পেনাল্টি থেকে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। একটু পর আরেকটি গোল করে এগিয়ে যায় মদ্রিচের দল। কিন্তু ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নাটকীয়ভাবে সমতা ফেরায় ডাচরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানেও মদ্রিচের পারফরম্যান্সে দেখা যায়নি ক্লান্তির কোনো ছাপ। অসাধারণ খেলতে থাকেন যথারীতি। আরও দুই গোল করে দারুণ জয়ে ফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন মদ্রিচই।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মদ্রিচকে সঞ্চালকের প্রশ্ন, “আপনার পাসপোর্ট দেখতে পারি? কারণ ৩৭ বছর বয়সে ১২০ মিনিট ধরে এভাবে দৌড়ে বেড়ানো তো অবিশ্বাস্য!”
মদ্রিচ হাসিমুখে জবাব দিলেন, “আপনি চাইলে আমি দেখাতে পারি (সাক্ষাৎকার শেষে)…! আমি ফুটবলকে স্রেফ ভালোবাসি। এটাই আমার শক্তি ও চালিয়ে যাওয়ার প্রেরণা।”
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের চোখে মদ্রিচ চিরসবুজ। নেশন্স লিগের ফাইনালের পর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন এই মিডফিল্ডার। তবে তাকে কোনোভাবেই যেতে দিতে চান না কোচ।
“লুকা আমাদেরকে শিরোপা এনে দিতে পারে। ফাইনালের পর সে সিদ্ধান্ত নেবে। তবে অবশ্যই তার দলে থাকা মানে আমরা অনেক ভালো দল, সে থাকলে দলের মান অনেক অনেক বেড়ে যায়।”
বৃহস্পতিবার স্পেন ও ইতালির বিপক্ষে সেমি-ফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে ফাইনাল ও গত বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা দলটির এবার একটি শিরোপা প্রাপ্য বলেও মনে করেন ক্রোয়েশিয়া কোচ।
“একটি শিরোপা জিততে পারলে তা আমাদের জন্য হবে দারুণ স্বীকৃতি। আমার মনে হয়, এটা আমাদের প্রাপ্য। গত ৬ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছি।”
