২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদল শুরু মঙ্গলবার, নিবন্ধন ৬ বিদেশি

অবনমিত হওয়া মুক্তিযোদ্ধা সংসদের বিষয়টি বোর্ডের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 06:44 PM

Updated : 31 Jul 2023, 07:56 PM

২০২২-২৩ মৌসুমের শেষ দিন সোমবার; এ দিনই নতুন মৌসুমের পরিকল্পনা সাজাতে সভায় বসেছিল পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাস্তবায়ন কমিটি। সভা শেষে কমিটির প্রধান আতাউর রহমান ভূঁইয়া মানিক জানালেন মঙ্গলবার থেকে শুরু ২০২৩-২৪ মৌসুমের দলবদল, গতবারের লিগের পয়েন্ট টেবিল অনুমোদনসহ আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।

অনুমোদিত পয়েন্ট টেবিলে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও এএফসি উত্তরা। এই দুই দলের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ বাইলজের ধারা শিথিল করে তাদের লিগে খেলার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। বিষয়টি মানিক ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর।

“মুক্তিযোদ্ধার বিষয়টি আমাদের আজকের এজেন্ডায় ছিল না। এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা পয়েন্ট তালিকার অনুমোদন দিয়েছি; যে পয়েন্ট টেবিল অনুমোদন করেছি, বাইলজ অনুযায়ী সেখানে মুক্তিযোদ্ধার অবনমন হয়ে গেছে। তাদের বিষয়ে হয়ত পরবর্তীতে বোর্ড সিদ্ধান্ত নেবে।”

“তারা আবেদন করেছে, বোর্ড পরবর্তীতে কোন সিদ্ধান্ত নেয়, নেবে। আমরা বাইলজ অনুযায়ী সবকিছু করেছি। বাইলজে পরিবর্তন আনার এখতিয়ার আমাদের নেই। সেটা বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

দলবদল শেষ হবে ১৮ অক্টোবর। ২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরুর পরিকল্পনা জানিয়েছেন মানিক। ফেডারেশন কাপের খেলাগুলো গত মৌসুমের মতোই লিগের মাঝে চলবে বলে জানান তিনি।

“আজ গত মৌসুমের শেষ দিন ছিল, আজই আমরা মিটিং করলাম। গত মৌসুমের লিগের পয়েন্ট টেবিল অনুমোদন করেছি এবং আগামীকাল থেকে পরের মৌসুমের লিগের খেলোয়াড় নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছি, যাতে ক্লাবগুলো দলবদল করতে পারে। এটাই ছিল আমাদের মিটিংয়ের মূল বিষয়বস্তু।”

“এর বাইরে আরও কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা। ফেডারেশন কাপের যে তৃতীয় স্থান ছিল, সেটা আমরা তুলে দিচ্ছি। শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ থাকবে। ফেডারেশন কাপের ভেন্যু গত বছর তিনটি ছিল, এবার বসুন্ধরা কিংস যোগ হচ্ছে, অর্থাৎ চার ভেন্যুতে খেলা হবে। স্বাধীনতা কাপ ১৪টি দল নিয়ে হবে; তবে এবার আমরা শিক্ষা বোর্ড এবং সার্ভিসেস দলগুলোকেও চিঠি দিব, যদি তারা দল দিতে চায়, তাহলে দিবে।”

বিদেশি খেলোয়াড় নিবন্ধন ও তাদের খেলার বিষয়ও ছিল আলোচনায়। বিদেশি খেলোয়াড় নিবন্ধন এবং সব মিলিয়ে খেলোয়াড় নিবন্ধন সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান মানিক।

“খেলোয়াড় নিবন্ধন আগে ছিল ৩৫ জন। এবার খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিনিধিরা আমাদের সভাপতির সাথে দেখা করে আরেকজন খেলোয়াড় বাড়ানোর আবেদন জানিয়েছিল, আজকে আমরা সেটাও অনুমোদন দিয়েছি। অর্থাৎ প্রতিটি ক্লাব ৩৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।”

“সর্বোচ্চ ছয় জন বিদেশি নিবন্ধন করতে পারবে, চার জন খেলতে পারবে। এদের মধ্যে একজন থাকতে হবে এশিয়ান কোটায়।”