২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা অধ্যায় শেষে ৫ বছরের চুক্তিতে পিএসজিতে দেম্বেলে

ফরাসি ফরোয়ার্ডের জন্য ৫ কোটি ইউরোর কিছু বেশি গুনেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা, জানিয়েছে বার্সেলোনা।

বার্সা অধ্যায় শেষে ৫ বছরের চুক্তিতে পিএসজিতে দেম্বেলে

পিএসজির জার্সি হাতে উসমান দেম্বেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 04:32 PM

Updated : 12 Aug 2023, 04:49 PM

বার্সেলোনা ছেড়ে উসমান দেম্বেলের পিএসজিতে যোগ দেওয়া নিশ্চিত হয়ে গেলেও আটকে ছিল আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে সব পক্ষের মধ্যে সম্মতির পর পাঁচ বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

চলতি মাসের শুরুতে স্বয়ং বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস নিশ্চিত করে দেন যে, পিএসজিতে চলে যাচ্ছেন দেম্বেলে। আর স্পেন ও ফরাসি সংবাদমাধ্যমে আগে থেকেই খবর আসছিল, প্যারিসের ক্লাবটির সঙ্গে ব্যক্তিগত চুক্তি সেরে ফেলেছেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। তবে বার্সেলোনা ও দেম্বেলের এজেন্টের মধ্যে চুক্তির কিছু বিষয় নিষ্পত্তি না হওয়ায় এতদিন আটকে ছিল আনুষ্ঠানিক ঘোষণা।

দুই ক্লাবের পক্ষ থেকে শনিবার দেম্বেলের দলবদলের খবরটি জানানো হয়। বার্সেলোনা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ট্রান্সফার ফি হিসেবে ৫ কোটি ইউরোর কিছু বেশি গুনেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

২০১৭ সালে অনেক সম্ভাবনা নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সাড়ে ১৩ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় নাম লেখান দেম্বেলে। কিন্তু একের পর চোটের আঘাতে প্রথম চার বছরে তাকে বাইরে কাটাতে হয় অনেকটা সময়। মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও ছিল বিতর্কিত।

কাতালান ক্লাবটির জার্সিতে তাই প্রত্যাশার সঙ্গে প্রতিদানের সম্মিলন হয়নি খুব একটা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৫ ম্যাচ খেলে তার নামের পাশে গোল ৬২টি। জিতেছেন তিনটি লা লিগা, দুটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

লিওনেল মেসি আগেই চলে গেছেন পিএসজি ছেড়ে। ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গেও ক্লাবের সম্পর্কটা ভালো যাচ্ছে না। আক্রমণভাগের আরেক তারকা নেইমারের দলছুট হওয়ার গুঞ্জনও ইদানিং ডালপালা মেলছে। এমন পরিস্থিতি দেম্বেলের যোগ দেওয়াটা দলটির জন্য কিছুটা স্বস্তিরই।