গালতিয়ের কাছে মেসিকে দুয়ো দেওয়াটা ‘খুবই দুঃখজনক’
সমর্থকদের এমন আচরণের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না পিএসজি কোচ।
কদিন আগে আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন লিওনেল মেসি। এবার ক্লাবে ফিরে তার হলো তিক্ত অভিজ্ঞতা। পিএসজি তারকা দুয়ো শুনলেন নিজ দলের সমর্থকদের কাছ থেকেই। তাদের এমন আচরণ খুবই দুঃখজনক বলে মনে করেন দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে।
মাঠের সময়টা অবশ্য ভালো কাটছে না পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের হতাশা তো আছেই, লিগ ওয়ানে তারা হেরে গেছে টানা দুই ম্যাচে, দুটিই ঘরের মাঠে। যার সবশেষটি রোববার লিওঁর বিপক্ষে ১-০ গোলে।
আন্তর্জাতিক বিরতির পর এটিই ছিল পিএসজির প্রথম ম্যাচ। লিগ ওয়ানে নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমে সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয় মেসিকে।
বিশ্বকাপ জয়ী তারকার প্রতি সমর্থকদের এমন আচরণ অযৌক্তিক বলে মনে করেন গালতিয়ে।
'লিও মেসিকে দুয়ো দেওয়াটা খুবই দুঃখজনক। লিও এমন একজন খেলোয়াড়, যে দলকে অনেক কিছু দেয়। সে মৌসুমের প্রথম অংশে অনেক দিয়েছে।”
এই হারের পর দ্বিতীয় স্থানে থাকা লঁসের সঙ্গে পিএসজির ব্যবধান এখন স্রেফ ৬ পয়েন্টের। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল।
জয়ের পথে ফিরতে মেসি ও কিলিয়ান এমবাপের পাশাপাশি অন্যদেরও দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন পিএসজি কোচ।
“পরিস্থিতি বদলের জন্য আমরা লিও ও কিলিয়ান এমবাপের (জ্বলে ওঠার) অপেক্ষায় আছি। তবে লিওর চারপাশে খেলোয়াড়দের আরও দায়িত্ব নিতে হবে, কারণ আমরা লিও ও কিলিয়ানের থেকে সবকিছু আশা করতে পারি না।”
কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেসি এই মৌসুমে পিএসজির হয়ে এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে গোল করেছেন ১৮টি।
