বেঙ্গালুরুতে জামাল-মোরসালিনদের ঈদ আনন্দ
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল নিশ্চিত করায় জামাল-ফাহিমদের ঈদ আনন্দ স্বাভাবিকভাবেই বেড়েছে আরও।
হোটেলের লবিতে একে একে এলেন জামাল-ফাহিম-মোরসালিনরা। সবার পরনে পাঞ্জাবি। কারো হাতে জায়নামাজ। উদ্দেশ্য হোটেলের পাশের ঈদগাহে ঈদ উল আযহার নামাজ আদায় করতে যাওয়া।
নামাজ আদায় শেষে কোলাকুলি চলল বেশ খানিকটা সময় ধরে। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে বাংলাদেশ থেকে বেঙ্গালুরুতে আসা গণমাধ্যমকর্মীদের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন খেলোয়াড়, টিম অফিসিয়ালরা।
ঈদ মানেই আনন্দ, তবে খেলোয়াড়দের এবারের ঈদের আনন্দ আরও বেশি। তা তাদের কথা-বার্তায়, শরীরী ভাষায় ফুটে উঠল বেশ। ভুটানকে হারিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পরের দিন যে পালিত হচ্ছে ঈদ।
২০০৯ সালের পর প্রথমবার সাফের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতের বেঙ্গালুরুতে নোঙর ফেলেছিল বাংলাদেশ। লেবাননের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শুরুর পর মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জেতে হাভিয়ের কাবরেরার দল। বুধবার শুরুতে পিছিয়ে পড়ার পর ভুটানকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারের মঞ্চে ওঠে বাংলাদেশ।
এই আনন্দে পরিবার-পরিজনকে ছেড়ে দেশের বাইরে ঈদ করার কষ্ট ভুলছেন খেলোয়াড়রা। ঈসা ফয়সাল যেমন বললেন, “অবশ্যই পরিবার ছাড়া ঈদ করতে হচ্ছে বলে খারাপ লাগছে, কিন্তু গতকালের ম্যাচে যেহেতু জিতেছি, ভালো লাগছে। জয় এবং ঈদ। এক সঙ্গে দুই উৎসব। সকালেও বাবার সাথে কথা বলেছি। সবাই খুশি। বলেছি, আর কয়েকদিনই তো এরপর চলে আসব।”
টানা দুই ম্যাচে গোল করে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন শেখ মোরসালিন। দেশের ফুটবলপ্রেমীদেরকে ঈদ উপহার দিতে চেয়েছিলেন এই তরুণ। তা দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মধ্যে।
“এখানে পরিবারের মতো সময় পার করছি। ইতোমধ্যে বলেছি, ঈদ উপলক্ষে চেয়েছিলাম সবাইকে জয় উপহার দিতে। এটা দিতে পেরে নিজেদের ভেতরে সন্তুষ্টি কাজ করছে। এর আগে ভারতে অনূর্ধ্ব-১৪ খেলতে এসেছিলাম। সেবার ঈদের নামাজ পড়তে পারিনি। এবার ঈদের নামাজ পড়তে পারলাম।”
মোরসালিনের মতোই দুই ম্যাচের জালের দেখা পেয়েছেন রাকিব হোসেন। আক্রমণভাগের এই তারকাও জানালেন ভুটানের বিপক্ষে জেতায় দ্বিগুণ হয়েছে তাদের আনন্দ।
“কালকের ম্যাচ জেতায় এবারের ঈদ আনন্দ বেড়ে গেছে। ভুটানের বিপক্ষে জিততে না পারলে এই ঈদটা আমাদের এরকম আনন্দের হতো না।”
জাতীয় দলের হয়ে প্রথমবার দেশের বাইরে ঈদ উদযাপন করা আলমগীর মোল্লাও সুর মেলালেন রাকিবের সঙ্গে। তবে সাফের লক্ষ্যও জানালেন এক ফাঁকে।
“দেশের বাইরে জাতীয় দলের সঙ্গে এটি আমার প্রথম ঈদ। আগে করেছিলাম যুব দলের হয়ে খেলতে গিয়ে। ঈদের খুশিটা দ্বিগুণ হয়েছে এবার। এটা (সাফের সেমি-ফাইনালে ওঠা) আমাদের জন্য বড় পাওয়া। আমাদের লক্ষ্যটা এখন বড়। ফাইনালে খেলার লক্ষ্য আমাদের।
