মেসির সঙ্গে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দলে চান বার্সা কোচ
দলের চাহিদা অনুযায়ী গ্রীষ্মের দলবদলের পরিকল্পনা সাজাচ্ছেন শাভি এর্নান্দেস।
আরও অনেক খেলোয়াড়ই প্রয়োজন বার্সেলোনার। তবে ক্লাবের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে শাভি এর্নান্দেসকে ঠিক করতে হচ্ছে অগ্রাধিকার। সে সম্পর্কে একটু ধারনাও দিলেন স্প্যানিশ এই কোচ। আসছে দলবদলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পাশাপাশি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকেও দলে টানতে চান তিনি।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। শনিবার পিএসজির জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন এই তারকা। ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন তিনি।
মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি ও সৌদি আরবের ক্লাব আল হিলালও সাতবারের ব্যালন দ'র জয়ীকে পেতে চায় বলে গণমাধ্যমের খবর।
এরই মধ্যে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সের্হিও বুসকেতস। তাই তার বিকল্পের সন্ধান করতে হবে শাভিকে। গুঞ্জন রয়েছে, ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে গ্রীষ্মে কাতালান দলটিতে যোগ দিতে পারেন মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।
এবার লা লিগার শিরোপা জেতা বার্সেলোনার এই মৌসুমের শেষ ম্যাচ আগামী রোববার, সেল্তা ভিগোর বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শাভি বললেন, দলের চাহিদা অনুযায়ী গ্রীষ্মের দলবদলের পরিকল্পনা সাজাচ্ছেন তারা।
“আমাদের অগ্রাধিকারগুলো খুব পরিষ্কার, আমি সত্যিই চাই মেসি ফিরে আসুক। (মেসি) তা জানে এবং আমি তার সঙ্গে কথা বলেছি। লিওকে ছাড়া আমরা প্রাধান্য দিচ্ছি (সের্হিও বুসকেতসের জায়গায়) একজন মিডফিল্ডার দলে টানার দিকে।”
“আমি নাম বলতে পারব না, তবে ক্লাব আমার অগ্রাধিকার ও লক্ষ্যগুলোও জানে। নিজের চাওয়ার ব্যাপারে আমি খুব স্পষ্ট। বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে পজিশন অনুযায়ী খেলোয়াড়দের নাম রয়েছে।”
লিগে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট বার্সেলোনার।
