২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

দলকে আরও আক্রমণাত্মক দেখতে চান শাভি

নেদারল্যান্ডসের কোচ হিসেবে প্রথম সপ্তাহের কাজ নিয়ে খুবই খুশি স্প্যানিশ কিংবদন্তি।

দলকে আরও আক্রমণাত্মক দেখতে চান শাভি

শাভি এর্নান্দেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:37 PM

Updated : 28 Sep 2026, 09:37 PM

প্রথম ম্যাচে শেষ দিকে গোল করে এক পয়েন্ট আদায়, পরের ম্যাচে জয়- নেদারল্যান্ডসের কোচ হিসেবে শুরুটা ভালোই হয়েছে শাভি এর্নান্দেসের। সেই তৃপ্তি তার আছে, তবে দলের কাছে আরও বেশি কিছু চান বার্সেলোনা ও স্পেনের এই কিংবদন্তি।

এবারের নেশন্স লিগ অভিযানের শুরুতে গত বৃহস্পতিবার আমস্টারডামে জার্মানির বিপক্ষে যোগ করা সময়ের গোলে ১-১ ড্র করে নেদারল্যান্ডস। দলটির ডাগআউটে সেটি ছিল শাভির প্রথম ম্যাচ। পরের ম্যাচে রোববার নতুন কোচের হাত ধরে প্রথম জয় পায় ডাচরা। সার্বিয়াকে ২-১ গোলে হারায় তারা।

বিশ্বকাপজয়ী এই কোচ চান সামনের দুই ম্যাচে তার দল আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলুক।

“সবসময় তিন পয়েন্ট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ; আমরা তা করতে পেরেছি বলে আমি খুশি। তবে আমাদের আরও ভালো খেলতে হবে, বিশেষ করে প্রথমার্ধে আমরা প্রতিপক্ষকে ঠিকমতো চাপে ফেলতে পারিনি। তারপরও এক সপ্তাহের কাজের পর আমি খুবই সন্তুষ্ট।”

কোচ বিশেষভাবে উল্লেখ করেন স্ট্রাইকার মেক্স মেয়্যারডিঙ্কের কথা। জার্মানির বিপক্ষে বদলি নেমে জাতীয় দলে অভিষেকের পর, সার্বিয়ার বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই তিনি দুটি গোল করেন।

“মেক্স খুবই পরিশ্রমী একজন খেলোয়াড় এবং আমরা কীভাবে খেলতে চাই, তা ভালোভাবে বোঝে সে। শুধুমাত্র গোল করেই সে দলকে সাহায্য করেনি-যদিও গোলগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। দলের জন্য যে পরিশ্রম সে করেছে, তা অসাধারণ।”

ডাচরা পরের ম্যাচে বৃহস্পতিবার গ্রিসের মাঠে খেলবে। এরপর রোববার ঘরের মাঠে ফের সার্বিয়ার মুখোমুখি হবে তারা।