২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিকে রুখে দিল কোপেনহেগেন

চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 12:57 AM

Updated : 12 Oct 2022, 01:44 AM

জিতলেই নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্বের টিকেট- এমন ম্যাচে আর্লিং হলান্ডকে ছাড়া খেলতে নেমে প্রায় পুরোটা সময় ম্যানচেস্টার সিটি রইল ম্রিয়মাণ। পেনাল্টি মিস হলো, বহিষ্কার হলেন তাদের খেলোয়াড়। রক্ষণ জমাট রেখে মূল্যবান পয়েন্ট তুলে নিল এফসি কোপেনহেগেন।

কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ডিফেন্ডার সের্হিও গোমেস লাল কার্ড দেখায় বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে সিটি।

প্রথম দেখায় ঘরের মাঠে ইংলিশ চ্যাম্পিয়নরা জিতেছিল ৫-০ গোলে। টানা তিন জয়ের পর আসরে প্রথমবার পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল।

১৪ দিনের মধ্যে খেলতে হবে পাঁচটি ম্যাচ, ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই হয়তো দারুণ ছন্দে থাকা হলান্ডকে বেঞ্চে রাখলেও শেষ পর্যন্ত নামাননি সিটির কোচ।

২৩ ম্যাচ পর গোল করতে ব্যর্থ হলো সিটি। সবশেষ গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে এমন অভিজ্ঞতা হয়েছিল তাদের।

সিটির শুরুটা হয় আত্মবিশ্বাসী। একাদশ মিনিটে ২৫ গজ দূর থেকে জোরাল শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন রদ্রি। তবে ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি, বিল্ড-আপের সময় রিয়াদ মাহরেজের হাতে লেগেছিল বল।

২৪তম মিনিটে কোপেনহেগেনের ডি-বক্সে তাদের ডিফেন্ডার নিকোলাই বোইলেসেনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। রিয়াদ মাহরেজের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কামিল গ্রাবারা। দুই দলের প্রথম দেখায়ও বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছিলেন তিনি।

২০১৯ সালের নভেম্বরে আতালান্তার বিপক্ষে গাব্রিয়েল জেসুসের পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি মিস করলেন মাহরেজ। মাঝে প্রতিযোগিতাটিতে নিজেদের ছয় পেনাল্টির সবকটি থেকে দলটি গোল করে, যার সবশেষ চারটিই করেন মাহরেজ।

৩০তম মিনিটে বড় ধাক্কা খায় সিটি। নিজেদের ডি-বক্সের সামনে প্রতিপক্ষের একজনকে ফাউল করে লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার গোমেস। এই সিদ্ধান্তও রেফারি নেন ভিএআরের সাহায্যে।

পরক্ষণেই রক্ষণে শক্তি বাড়াতে মাহরেজকে তুলে ডিফেন্ডার রুবেন দিয়াসকে নামান গুয়ার্দিওলা।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনালের পর এই প্রথম কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি মিস করল এবং তাদের একজন খেলোয়াড় বহিষ্কার হলো।

এই প্রতিযোগিতায় প্রথমার্ধে লাল কার্ড দেখা সিটির প্রথম খেলোয়াড় গোমেস। ইংলিশ দলটির আগের ১১ লাল কার্ড ছিল দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে একটি সুযোগ পায় সিটি। কেভিন ডে ব্রুইনের বাঁ পায়ের বাঁকানো শট ব্যর্থ করে দেন গোলরক্ষক।

এরপর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না সিটি। ৭৪তম মিনিটে দারুণ একটি সুযোগ এসে যায় কোপেনহেগেনের সামনে। সতীর্থের পাসে ছুটে গিয়ে কাছ থেকে বলে পা ছোঁয়াতে পারেননি ইয়োহানেসন।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ২০ গজ দূর থেকে জোয়াও কানসেলোর শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গ্রাবারা।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। সিটির সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে কোপেনহেগেন। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সেভিয়া।

দিনের পরের ম্যাচে সেভিয়া যদি ডর্টমুন্ডকে হারাতে ব্যর্থ হয়, তাহলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে সিটির।

ইউভেন্তুসকে হারিয়ে দিল খাইফা

নিজেদের মাঠে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইউভেন্তুসকে ২-০ গোলে হারিয়েছে ইসরায়েলের চ্যাম্পিয়ন ম্যাকাবি খাইফা।

প্রায় ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ জিতল দলটি। এর আগে সবশেষ ২০০২ সালের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

খাইফার বিপক্ষে প্রথমার্ধে চোট পেয়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন ইউভেন্তুসের আনহেল দি মারিয়া। কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্যও যা দুর্ভাবনার।

ইউভেন্তুসের শেষ ষোলোয় যাওয়ার পথ হয়ে গেল খুবই কঠিন। চার ম্যাচে এক জয় ও তিন হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে চারে খাইফা।

এক ম্যাচ কম খেলে সমান ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকা পিএসজি ও বেনফিকা মুখোমুখি হবে দিনের পরের ম্যাচে।