২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লিনশিট’ রাখার লক্ষ্য তপুর, সোহেলরা চান মাঝমাঠের দখল

কেবল জয় নয়, আরও অনেক লক্ষ্য নিয়েই মালদ্বীপের বিপক্ষে নামবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 08:58 PM

Updated : 24 Jun 2023, 08:58 PM

টিকে থাকতে হলে দরকার পুরো ৩ পয়েন্ট। সেমি-ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে হলে গোল পার্থক্যও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ তাই অনেক চাওয়া নিয়ে নামবে মাঠে। রক্ষণভাগের নির্ভরযোগ্য সেনানি তপু বর্মন যেমন‘ ক্লিনশিট’ নিয়ে মাঠ ছাড়ায় দিচ্ছেন গুরুত্ব। শেখ মোরসালিন, সোহেল রানাদের চাওয়া মাঝমাঠের দখল নিয়ে আক্রমণভাগের সুর বেঁধে দেওয়া। 

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। 

এ ম্যাচের আগে ‍দুই দল আছে ভিন্ন মেরুতে। ভূটানকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছে মালদ্বীপ। লেবাননের বিপক্ষে একই ব্যবধানে হেরে পথচলা শুরু বাংলাদেশের। মালদ্বীপ ম্যাচে পা হড়কালে আসরে তাদের পথচলা থেমে যাওয়ার চোখ রাঙানি তাই আছে প্রবলভাবে। 

সব শঙ্কা উড়িয়ে দিতে কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে শনিবার আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিয়েছে দল। প্রতিপক্ষের আক্রমণভাগের হামজা মোহাম্মদ, ইব্রাহিম আইসামদের আটকে রাখার ছকও বুঝে নিয়েছেন তপু বর্মন, কাজী তারিক রায়হানরা। প্রস্তুতি শেষে তপু জানালেন লক্ষ্য পূরণ করতে হলে চাপ জয় করে শতভাগের বেশি দিতে হবে রক্ষণভাগকে। 

“চাপের ম্যাচ কিন্তু অনেক খেলেছি। সেখানে দেখা গেছে জিতে শুরু করেছি, পরে ড্র করলে ফাইনাল বা সেমি খেলতে পারব, কিন্তু হয়নি। এবার ভিন্ন প্রেক্ষাপট। আমরা হেরে শুরু করেছি। এখন আমাদের দ্বিতীয় ম্যাচ জিততে হবে। আমরা মনে করছি এই ম্যাচ জিততে না পারলে সাফ থেকে বিদায় নিতে হবে। তাই প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব সেরাটা খেলার। অবশ্যই ক্লিনশট রাখার জন্য চেষ্টা করব। একশ ভাগের চেয়ে বেশি দিতে হবে আমাদেরকে।” 

২০০৩ সালে প্রথম ও সবশেষ সাফ শিরোপা জয়ের পর বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে সাফল্যের হাসি হাসতে পারেনি। গত পাঁচ আসরে গ্রপ পর্বে বা প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার তিক্ত স্মৃতি হয়েছে সঙ্গী। তপু এবার তা ভুলতে মরিয়া। 

“আমরা খারাপ অনুভব করি (আগেভাগে বিদায় নিলে)। সবসময় সাফ জেতার চেষ্টা করি। সেভাবেই প্রতিবার প্রস্তুতি নেই। এবারও এসেছি। আমরা এখনো বাদ পড়িনি। সুযোগ আছে। ইতোমধ্যে তাদেরকে নিয়ে ক্লাস করেছি। মূল ও শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে হোমওয়ার্ক করেছি, আমাদের করণীয়টা কি, আমরা জানি। শুধু ডিফেন্ডাররাই যে ডিফেন্স করবে এমন নয়, একটা দল হিসেবে আমরা ডিফেন্স করতে চাই। আমরা জানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ এটা।” 

মালদ্বীপ ম্যাচে মাঝমাঠ সামলানোর দায়িত্ব উঠতে পারে সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), জামাল ভূইয়া ও মোহাম্মদ হৃদয়ের কাঁধে। বদলি হিসেবে সুযোগ পেতে পারেন শেখ মোরসালিন। সোহেল জানালেন, মালদ্বীপ ম্যাচের প্রস্তুতি তারা নেওয়া শুরু করেছেন সৌদি আরবে গত মার্চের সফরের সময় থেকেই। 

“আমরা যখন সৌদি আরবে ক্যাম্প করতে যায়, তখন থেকেই আমাদের চিন্তায় ছিল সাফে ভালো করব। তখন থেকেই মালদ্বীপকে নিয়ে আমরা কাজ করেছি, ওদের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হামজা মোহাম্মদ, ওই হিসাব করে আজ অনুশীলন করেছি। ওদের খেলাও দেখেছি। এ কারণে ওদের বিপক্ষে ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছি আমরা। 

“আমরা চারজন মিডফিল্ডার নিয়ে মালদ্বীপের বিপক্ষে খেলব। জামাল, সোহেল (সিনিয়র), আমি এবং হৃদয় আছি, আমরা চার জনই বল প্লেয়ার। এ হিসাবে আমরা মাঝমাঠের নিয়ন্ত্রণ কাল নিতে পারব। মালদ্বীপের বিপক্ষে অনেক দিন জিতিনি আমরা, যদিও সে সময় আমি দলে ছিলাম না। এখন আছি। এখন দলের ভারসাম্য দেখে মনে হচ্ছে আমরা ভালো করব।” 

লেবানন ম্যাচে বদলি নেমেছিলেন শেখ মোরসালিন। মালদ্বীপ ম্যাচেও ১৭ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারের বদলি নামার সম্ভাবনাই বেশি। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকায় ভালো কিছুর আশা দেখছেন তিনিও। 

“আমাদের সবার ভিতরেই একটা আত্মবিশ্বাস আছে। আসলে আমাদের বন্ডিং, বোঝাপড়াটা খুবই ভালো। যে কারণে বলছি কালকে ভালো কিছু করার সুযোগ আছে। আমরা আসলে নেগেটিভ কিছু নিয়ে ভাবছি না, পজিটিভ বিষয়গুলো নিয়ে ভাবছি। আগের ম্যাচে সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি। এবারও আশা করি অনেক সুযোগ পাব এবং কাজে লাগাতে পারব।”