২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি-এমবাপের ‘টানাপোড়েনের অবসানে’ ফ্রান্স কোচের স্বস্তি

কেবল এমবাপের নয়, দলের অন্য কারোরই ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না দিদিয়ে দেশম।

পিএসজি-এমবাপের ‘টানাপোড়েনের অবসানে’ ফ্রান্স কোচের স্বস্তি

কিলিয়ান এমবাপে ও দিদিয়ে দেশম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 05:02 PM

Updated : 24 Aug 2023, 05:18 PM

সপ্তাহ দুয়েক আগেও ক্লাব পিএসজি ও কিলিয়ান এমবাপের সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, তা এখন বেশ ভালোর দিকে। এতে দারুণ খুশি ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম। প্যারিসের ক্লাবটিতে তারকা ফরোয়ার্ডের জটিল পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি পাচ্ছেন তিনি।

গত গ্রীষ্মের মতো এবারও এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন ডালপালা মেলেছিল বেশ। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার চুক্তি নবায়নে অনিচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে যার শুরু, ২০২৪ সালে শেষ হবে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ। অবশ্য, এই মৌসুমেই ঠিকানা বদলের কথা কখনও বলেননি তিনি। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সাফ জানিয়ে দেয়, হয় চুক্তির মেয়াদ বাড়াতে হবে, নাহলে ক্লাব ছাড়তে হবে চলতি দলবদলেই।

বিভিন্ন সময়েই গণমাধ্যমে খবর এসেছে যে, আগামী বছর 'ফ্রি এজেন্ট' হিসেবে রেয়াল মাদ্রিদে যোগ দিতে নাকি সম্মত হয়েছেন এমবাপে। গত বছরও তাকে দলে টানার খুব কাছাকাছি চলে গিয়েছিল স্প্যানিশ ক্লাবটি৷ অনেক নাটকীয়তার পর পিএসজিতেই দুই বছরের নতুন চুক্তি করে থেকে যান এমবাপে।

ওই চুক্তি নবায়নে রাজি না হওয়ায় এমবাপেকে 'শাস্তি' হিসেবে এবারের প্রাক-মৌসুমে মূল দলের বাইরে রাখে পিএসজি। তিনি অনুশীলন চালিয়ে যান ক্লাবটির 'ভবিষ্যৎ পরিকল্পনায় না থাকা' খেলোয়াড়দের সাথে। এরপর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাইরে রাখা হয় তাকে।

ওই ম্যাচের পরদিনই 'ইতিবাচক আলোচনার' পর পিএসজির মূল দলের অনুশীলনে ফেরেন এমবাপে। মৌসুমে প্রথমবার লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে মাঠে নেমেই গোল করেন তিনি, ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

সংবাদমাধ্যমের খবর, দুই পক্ষের মধ্যে নাকি বরফ গলতে শুরু করেছে। চুক্তি নবায়নেও নাকি রাজি হয়েছেন মোনাকোর সাবেক এই ফুটবলার।

পিএসজির পাশাপাশি ফ্রান্স দলেও খুব গুরুত্বপূর্ণ সদস্য এমবাপে। তাই ‘এমবাপে-পিএসজি’ সমস্যা সমাধানের আভাস মেলায় খুশি দেশম। ফ্রান্সের ক্রীড়া প্রত্রিকা লেকিপে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজ্ঞ এই কোচ এ বিষয়ে শিষ্যকে কোনোরকম পরামর্শ দেননি বলে জানান।

“পরিস্থিতিটা জটিল ছিল, সেটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আগের চেয়ে অনেক ভালো। সবার জয় হয়েছে। আমি তার (এমবাপে) সঙ্গে কথা বলেছি। ফ্রান্স দলের জন্য অবশ্যই খুব ভালো ব্যাপার, ক্লাব ও তার জন্য দারুণ।”

“এমবাপেকে পিএসজির হয়ে আবার খেলার জন্য কিংবা ক্লাবটিতে থেকে যেতে রাজি করানোর চেষ্টা আমি করেছি কি-না? না, আমি এসবের সঙ্গে জড়াই না। এটা আমার কাজ নয়। আমি অন্যান্য খেলোয়াড়দের মতো তার সঙ্গেও কথা বলি, তবে এটা তাদের ক্যারিয়ার। আমি পরামর্শক নই। তারা যদি আমার পরামর্শ চায়, তাহলেই কেবল আমি দিতে পারি।”