রেকর্ড গড়া হলান্ডের আরও উন্নতি দেখতে চান কোচ
প্রিমিয়ার লিগে দ্রুততম ২০ গোলের রেকর্ড গড়া এই ফরোয়ার্ড আরও ভালো করতে পারেন বলে বিশ্বাস পেপ গুয়ার্দিওলার।
বিশ্বকাপ বিরতির পর মাঠে নেমেই দুই গোল, দুর্দান্ত পথচলায় গোলের রেকর্ড, অবিশ্বাস্য সব সংখ্যা- সব মিলিয়ে আবারও আলোচনায় আর্লি হলান্ড। তার পারফরম্যান্সে সন্তুষ্টও কোচ পেপ গুয়ার্দিওলা। তবে পুরোপুরি তৃপ্ত তিনি নন। ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, আরও ভালো হয়ে উঠতে পারেন হলান্ড।
এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই হলান্ড হয়ে উঠেঠেন গোল মেশিন। তুমুল আলোচনায়ও ছিলেন তিনি। তবে গত দেড় মাসে তিনি ছিলেন না দৃশ্যপটে। বিশ্বকাপ ফুটবল চলছিল। হলান্ডের দেশ নরওয়ে তো বিশ্বকাপেই নেই।
তবে প্রিমিয়ার লিগ শুরুর পরই যথারীতি আবার উজ্জ্বল হলান্ড। বিরতি শেষে প্রথম মাঠে নেমেব বুধবার লিডস ইউনাইটেডের মাঠে তিনি গোল করেন দুটি। দল জেতে ৩-১ গোলে।
এই দুই গোলে প্রিমিয়ার লিগে দ্রুততম ২০ গোলের রেকর্ড স্পর্শ করেন ২২ বছর বয়সী তারকা। স্রেফ ১৪ ম্যাচ লাগল তার। আগের রেকর্য যার ছিল, সেই কেভিন ফিলিপসের লেগেছিল ২১ ম্যাচ!
সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে অভিষেক মৌসুমে ২০ ম্যাচে ২৬ গোল হয়ে গেল তার। শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে গুয়ার্দিওলার কোচিংয়ে এত কম ম্যাচ খেলে ২৫ গোল করতে পারেননি আর কেউই।
গুয়ার্দিওলাও দারুণ খুশি হলান্ডের পারফরম্যান্সে। তবে উন্নতির যে শেষ নেই, সেটিই তিনি মনে করিয়ে দিলেন ম্যাচ শেষে।
“সে তো সুযোগ হাতছাড়া করেছে কিছু। আশা করি, আরও ভালো করবে। তার পরিসংখ্যান যদিও অসাধারণ। আমাদের জন্য যে অবিশ্বাস্য এক অস্ত্র এবং সবসময়ই সঠিক জায়গায় থাকে সঠিক সময়ে। তবে আমার মনে হচ্ছে, এখনও সে তার সেরা রূপে নেই।”
“স্রেফ সময়ের ব্যাপার এটি। আশা করি, সে পারবে। অবশ্যই তার জন্য আমরা উচ্ছ্বসিত। তবে মৌসুমের শুরুতে যে গতি তার ছিল, এখন সেখানে একটু ঘাটতি আছে। তার পরও আমি যথেষ্টর বেশি সন্তুষ্ট। কিন্তু মনে হচ্ছে, মৌসুমের প্রথম ভাগে সে আরও বেশি ক্ষিপ্র ছিল।”
হলান্ড নিজেও অবশ্য ম্যাচ শেরষ বলেন, এ দিন অন্তত ৫ গোল করা উচিত ছিল তার।
১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সিটি আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।
