রিয়ালেই থাকতে চান আনচেলত্তি, তবে ভবিষ্যৎ ‘জানেন না’
ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্লো আনচেলত্তি।
লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচের আগে কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলন। সেখানে ম্যাচের চেয়ে রিয়াল মাদ্রিদ কোচের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন হলো বেশি। ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে তার নাম শোনা যাচ্ছে জোরেসোরে। দুই সপ্তাহ পর সংবাদমাধ্যমের সামনে এসে আনচেলত্তিও স্বীকার করে নিলেন, তাকে কোচ হিসেবে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ইউরোপের সফলতম ক্লাবটিতেই দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি।
একই সঙ্গে অবশ্য মনে করিয়ে দিলেন, ভবিষ্যতে কী হবে তা তো কেউ জানে না!
২০২২ বিশ্বকাপের পর থেকে কোচ খুঁজছে ব্রাজিল। তিতের উত্তরসূরি হিসেবে নানা সময়ে শোনা গেছে আনচেলত্তির নাম। গত কিছু দিনে যা আরও জোরাল হয়েছে। সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় আনচেলত্তিকে নিয়ে কথা বলেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, এদেরসন, রদ্রিগো ও কাসেমিরোর মতো খেলোয়াড়রা। রিয়াল ফরোয়ার্ড ভিনিসিউসের বিশ্বাস, তার ক্লাব কোচ তাদের জাতীয় দলের দায়িত্ব নিতে চান।
ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচের আগে শনিবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, রিয়ালে চুক্তির মেয়াদ শেষ করাটাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে বেশি।
“বাস্তবতা হলো ব্রাজিল জাতীয় দল আমাকে চায়, তারা আমার প্রতি আগ্রহী এবং বিষয়টি আমি পছন্দ করি। তবে যে চুক্তি আছে সেটিকে সম্মান করতে হবে, এই চুক্তির চক্র আমি পূরণ করতে চাই।”
রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০২১ সালের জুনে দ্বিতীয় মেয়াদে মাদ্রিদের দলটির দায়িত্ব নেন তিনি। গত মৌসুমে তার কোচিংয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা জেতে দলটি।
এই মৌসুমে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল পিছিয়ে আছে এখন ১২ পয়েন্টে। লিগ জয়ের আশা নিভু নিভু হলেও চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রের শিরোপা লড়াইয়ে টিকে আছে তারা। এই দুই প্রতিযোগিতায় রিয়াল কেমন করবে, তার ওপর আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করবে বলে ধারণা করছেন অনেকে।
৬৩ বছর বয়সী আনচেলত্তি বললেন, ক্লাব যতদিন চাইবে সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকতে চান তিনি। অজানা ভবিষ্যতের দিকটিও তুলে ধরলেন তিনি।
“সবকিছুই পরিষ্কার, যতদিন মাদ্রিদ আমাকে এখানে থাকতে দেবে আমি এখানেই থাকব। ক্লাব প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেস), সমর্থক, খেলোয়াড়দের কাছ থেকে আমি অনেক ভালোবাসা অনুভব করছি, আমার চারপাশের পরিবেশ খুবই শান্ত... দুটি ট্রফি জেতার চেষ্টা করার জন্য আমাদের হাতে এখন আড়াই মাস সময় আছে।”
“আমি এই ক্লাবকে ভালোবাসি এবং পরে যেকোনো কিছু ঘটতে পারে, আমি জানি না। ভবিষ্যৎ কেউ জানে না।”
কিছুদিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেস বলেন, নতুন কোচ হিসেবে তার প্রথম পছন্দ আনচেলত্তি। তাকে কোচ হিসেবে পেতে ‘উপযুক্ত সময়ের’ অপেক্ষায় আছেন তারা।
রদ্রিগেসকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে জানিয়েছেন আনচেলত্তি। তবে সিবিএফ প্রধান চাইলে তার সঙ্গে কথা বলতে পেরে ‘খুশি হবেন’ তিনি।
