‘সেরাদের সেরা হতে স্পেন-ইংল্যান্ডে পাড়ি জমাতে হবে এমবাপেকে’
আগামীতে অবশ্যই ব্যালন দ’র জিতবেন ফরাসি এই তারকা, বিশ্বাস সাবেক বার্সেলোনা গ্রেট খ্রিস্টো স্টইচকফের।
সময়ের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় নিশ্চিতভাবে ওপরের দিকে থাকবে কিলিয়ান এমবাপের নাম। তবে সবাইকে ছাপিয়ে যেতে এই ফরাসিকে পিএসজি ছাড়ার পরামর্শ দিলেন বুলগেরিয়ান গ্রেট খ্রিস্টো স্টইচকফ। তার মতে, সবার সেরা হতে স্পেন বা ইংল্যান্ডে খেলতে হবে এমবাপেকে।
২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখান এমবাপে। নতুন ক্লাবে দ্রুত মানিয়ে নিয়ে দলটির মধ্যমণি হয়ে ওঠেন তিনি। তবে ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পেলেও চ্যাম্পিয়ন্স লিগে এখনও শিরোপার দেখা পাননি তিনি বা তার দল। সেরা অর্জন ২০২০ সালে রানার্সআপ হওয়া।
কয়েক মৌসুম ধরেই লিগ ওয়ান ও পিএসজির সেরা খেলোয়াড় এমবাপে। গত পাঁচ মৌসুমেই লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা তিনি। বিভিন্ন সময়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র জেতার ইচ্ছার কথা বলেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনেকের মতো স্টইচকফও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার ঠিকানা পরিবর্তনের প্রয়োজন দেখছেন।
সম্প্রতি স্ট্যাটস পারফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক তারকা ফুটবলার স্টইচকফ বলেন, পরের ধাপে যেতে পিএসজি ছাড়ার বিকল্প নেই এমবাপের।
“সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমাদের মধ্যে কথা হয়েছে এবং সে আমাকে বলেছে যে, তার সবচেয়ে বড় স্বপ্ন ব্যালন দ’র জেতা। সে এখন যে স্তরে আছে সেখানে পৌঁছানো কঠিন এবং তার চেয়েও বেশি কঠিন সেটা ধরে রাখা।”
“এমবাপে যদি সেরা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে তাকে স্প্যানিশ লিগ বা প্রিমিয়ার লিগে যেতে হবে। ইংল্যান্ডে এমন কিছু ক্লাব আছে যারা তাকে দলে টানতে পারে, (যেমন) ম্যানচেস্টার সিটি, লিভারপুল বা আর্সেনাল।”
সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড স্টইচকফের বিশ্বাস, খুব শিগগিরই ব্যালন দ’র জিতবেন এমবাপে।
“তবে তাকে এমন পথ বেছে নিতে হবে যেখানে সে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ কাজটা সহজ হবে না। কিলিয়ান খুব ভালো মানুষ এবং খুব বিনয়ী। কেউ কেউ বলে, সে অহংকারী, আসলে সে তা নয়। সে ভালো মানুষ এবং কী করতে হবে, সেটা সে খুব ভালো করেই জানে।”
“আশা করি, শিগগিরই বা দেরিতে কিলিয়ান ব্যালন দ’র জয়ের সুযোগ পাবে, কারণ এটা তার প্রাপ্য।”
গত বছরের মতো এবারও এমবাপের সম্ভাব্য দলবদল নিয়ে জোরাল গুঞ্জন শোনা যাচ্ছে। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় পিএসজির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে তার। ফরাসি সংবাদমাধ্যমের খবর, চলতি গ্রীষ্মের দলবদলেই তাকে বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি।
এমবাপেকে পাওয়ার লড়াইয়ে অনেক দিন ধরেই আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত গ্রীষ্মে তো খুব কাছাকাছিও চলে গিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তের নাটকীয় পালাবদলে বদলে যায় সবকিছু, প্যারিসে রয়ে যান এমবাপে। এবারও তার ভবিষ্যৎ ঠিকানা হিসেবে অনেকেই রিয়ালকে ভাবছে। এছাড়া বিভিন্ন সময়ে খবরে এসেছে কিছু ইংলিশ ক্লাবের নামও।
চুক্তি নবায়ন নিয়ে বিপরীতমুখী অবস্থানের মধ্যে এমবাপেকে প্রাক-মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দল থেকে বাদ দিয়েছে পিএসজি। এতে আরও জোরাল হচ্ছে তার ক্লাব ছাড়ার গুঞ্জন।
