সাফের সেমি-ফাইনালে ভারত ও কুয়েত
‘এ’ গ্রুপ থেকে দুই সেমি-ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেল এক ম্যাচ বাকি থাকতেই।
প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া কুয়েত বিরতির পর জালের দেখা পায় আরও একবার। পাকিস্তানকে অনায়াসে হারিয়ে নিজেদের কাজটা করে রাখে মধ্যপ্রাচ্যের দেশটি। পরে ভারতের জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে দুই দলই।
বেঙ্গালুরুতে শনিবার দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় কুয়েত। পরের ম্যাচে নেপালকে ২-০ গোলে হারায় ভারত।
আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ থেকে দুই সেমি-ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেল এক ম্যাচ বাকি থাকতেই।
দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কুয়েত। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। নেপাল ও পাকিস্তান হেরেছে তাদের প্রথম দুই ম্যাচেই।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এই ধাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও কুয়েত।
‘বি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে সমান ৩ পয়েন্ট নিয়ে লেবানন শীর্ষে ও মালদ্বীপ দুইয়ে আছে। ভুটান ও বাংলাদেশ এখনও পয়েন্ট পায়নি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
