১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০ জনের মিলানকে হারাল ইউভেন্তুস

সেরি আয় টানা চার জয়ের পর হারের স্বাদ পেল এসি মিলান।

১০ জনের মিলানকে হারাল ইউভেন্তুস

মানুয়েল লোকাতেল্লির নৈপুণ্য ও কিছুটা ভাগ্যের ছোঁয়ায় পাওয়া গোলের পর ইউভেন্তুস উল্লাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 02:54 AM

Updated : 23 Oct 2023, 03:05 AM

এসি মিলানের সামনে সুযোগ ছিল লিগ টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু অনেকটা সময় একজন কম নিয়ে পেরে উঠল না তারা। ২০২১-২২ মৌসুমের সেরি আ চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে হারিয়ে দিল ইউভেন্তুস।

সান সিরোয় রোববার রাতে লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছে ইউভেন্তুস। একমাত্র গোলটি করেন মানুয়েল লোকাতেল্লি।

টানা চার জয়ের পর হারের স্বাদ পেল মিলান। আর ইউভেন্তুস পেল টানা দ্বিতীয় জয়।

প্রথমার্ধে দুই দলই একটি করে দারুণ সুযোগ পায়। চতুর্দশ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের বক্সের মধ্যে থেকে দুর্দান্ত ভলি অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

৪০তম মিনিটে অনেক বড় ধাক্কা খায় স্বাগতিকরা, নেমে আসে ১০ জনের দলে। প্রতিপক্ষের ফরোয়ার্ড মোইজে কিনকে ফাউল করায় জার্মান ডিফেন্ডার মালিক চাওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এর পাঁচ মিনিট পর ম্যাচে প্রথম সেরা সুযোগটি পায় ইউভেন্তুস। কিন্তু কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।

৬৩তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন লোকাতেল্লি। গোলটিতে তিনি ভাগ্যের ছোঁয়াও পান। ৩০ গজ দূর থেকে নেওয়া ইতালিয়ান মিডফিল্ডারের জোরাল শটে বল প্রতিপক্ষের রাদে ক্রুনিচের পায়ে লেগে উঁচু হয়ে এবং দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

শেষ দিকে মিলান ঘুরে দাঁড়াবে কী, উল্টো তাদের ওপর প্রবল চাপ বাড়ায় ইউভেন্তুস। দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, তবে গোলরক্ষক আন্তোনিও মিরান্তের বাধায় ব্যবধান আর বাড়াতে পারেনি প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।

৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া এসি মিলান ১ পয়েন্ট বেশি নিয়ে আছে দুইয়ে।

শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২২।