আর্সেনালের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুব খুশি টেন হাগ
যুক্তরাষ্ট্রের প্রস্তুতিপর্বে প্রথম প্রীতি ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে টেন হাগের দল।
নতুন মৌসুমের প্রস্তুতিপর্বে সময়টা দারুণ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে দীর্ঘ শিরোপা খরা কাটানোর মিশনে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলটি। সবশেষ প্রীতি ম্যাচে তারা হারিয়ে দিয়েছে আর্সেনালকে। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অবশ্য এই জয়ে নয়, তিনি বেশি উৎফুল্ল ম্যাচটিতে দলের সামগ্রিক পারফরম্যান্সে।
প্রতিযোগিতামূলক ফুটবল শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রস্তুতিপর্বে এখন ব্যস্ত সময় কাটছে ইউনাইটেডের। সেখানে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দেয় টেন হাগের দল।
প্রাক-মৌসুম পর্বে এই নিয়ে তিন ম্যাচ খেলে সবকটিই জিতল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এর আগে লিডস ইউনাইটেডকে ২-০ এবং অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারায় তারা।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে রেকর্ড ৮২ হাজার ২৬২ জন দশর্কের সামনে প্রথমার্ধেই দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টেন হাগের দল। নতুন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস ৩০তম মিনিটে অনায়াসে আর্সেনাল গোলরক্ষক অ্যারন র্যামসডেলকে পরাস্ত করেন। সাত মিনিট পর প্রতিপক্ষ ডিফেন্ডার গাব্রিয়েলের ভুলের সুযোগে দ্বিতীয় গোলটি করেন জেডন স্যানচো।
আর্সেনাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উজ্জীবিত প্রতিপক্ষকে দমাতে পারেনি। ম্যাচের পর টেন হাগের চোখে-মুখে ছিল জয়ের আনন্দ আর কণ্ঠে দলকে নিয়ে ক্রমেই আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠার ছাপ।
“আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সত্যিই খুব খুশি। বল পায়ে ও বল ছাড়া, সবসময়ই আমরা সক্রিয় ছিলাম। এভাবেই আমরা খেলতে চাই। কেবল এই সময়টাতেই অনুশীলনে ভালোভাবে কাজ করা যায় এবং পরিণতি কী হতে পারে, সেই ভাবনায় কাতর না হয়েই ম্যাচে কৌশল প্রয়োগ করা যায়।”
“কিন্তু হ্যাঁ, এখানেও আমরা জিততে চাই এবং আমি চাই, ছেলেরা যেন ভালো পারফরম্যান্স দেখায়। অবশ্যই সবগুলো ম্যাচই দারুণ হচ্ছে, হবে। আমাদের এগিয়ে যেতে হবে এবং এই ম্যাচগুলো আমাদের উন্নতিতে সাহায্য করবে, বিশেষ করে ওই প্রতিপক্ষগুলো, তারা ভালো দল।”
গত মৌসুমে অনেকটা সময় লিগ টেবিলে শীর্ষে থেকেও শেষ দিকে ছন্দ হারিয়ে রানার্সআপ হয় আর্সেনাল। আর তাদের পেছনে থেকে তৃতীয় হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩-২৪ এর লড়াইয়ে শিরোপা স্বপ্ন দেখছে তারা। তাদের এই অভিযানে সবচেয়ে বড় দুই চ্যালেঞ্জ আসতে পারে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের কাছ থেকেই।
টেন হাগের কণ্ঠেও শোনা গেল আর্সেনালের প্রশংসা।
“আর্সেনাল সত্যিই খুব শক্ত প্রতিপক্ষ। প্রিমিয়ার লিগে গত মৌসুমে তারা অবিশ্বাস্য রকমের ভালো খেলেছে। তাই হ্যাঁ, তাদের সঙ্গে লড়াই করতে পারাটা আমাদের জন্য ভালো, এতে নিজেদের আরও উন্নতি করা যায়।”
এসব ম্যাচে অনুশীলনই মুখ্য, ফল নিয়ে তেমন কারো মাথাব্যথা নেই। তাই ম্যাচ শেষে দুই দল পেনাল্টি শুট আউটের সিদ্ধান্ত নেয়। সেখানেও ৫-৩ ব্যবধানে জিতে যায় ইউনাইটেড।
সব ভালোর দিনে একটা বড় ধাক্কা অবশ্য লেগেছে ইউনাইটেড শিবিরে। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামার ১৩ মিনিটি পর চোট পেয়ে মাঠ ছাড়েন আমাদ দিয়ালো। গণমাধ্যমের খবর, ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছেড়ে যান কোত দি ভোয়ার এই ফুটবলার।
