টেনিস কোর্টে জোকোভিচের ছক্কা, স্মিথের ফোরহ্যান্ড শট!
অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ের আগে দর্শকদের সামনে ভিন্ন রূপে হাজির হন ক্রীড়াঙ্গনের ভিন্ন ঘরানার এই দুই তারকা।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের উন্মাদনা শুরুর আগে ভিন্নধর্মী, মজার এক লড়াই উপভোগ করল ক্রীড়াপ্রেমীরা। টেনিসের রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ হাতে তুলে নিলেন ব্যাট আর ক্রিকেটের তারকা ব্যাটসম্যান স্মিভেন স্মিথ ধরলেন র্যাকেট।
আগামী ১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেনের মূল প্রতিদ্বন্দ্বিতা। টুর্নামেন্টের ড্রয়ের আগে বৃহস্পতিবার দর্শকদের সামনে এভাবেই হাজির হন ক্রীড়াঙ্গনের ভিন্ন ঘরানার এই দুই তারকা। তাদের মতো দর্শকরাও বেশ উপভোগ করেন সময়টা।
টেনিসের পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের একটি সার্ভে দারুণভাবে ফোরহ্যান্ড রিটার্ন করেন বর্তমানের সেরা ব্যাটসম্যানদের একজন স্মিথ। যা দেখে সার্ব টেনিস তারকার চোখেমুখে বিস্ময় ফুটে ওঠে, হাসিমুখে মাথা নুইয়ে কুর্নিশের ভঙ্গি করেন তিনি।
এবার অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচের পালা। ব্যাট হাতে নিয়েই গ্যালারির দিকে ইঙ্গিত করে বললেন, ওখানে পাঠাবেন। কিন্তু পারলেন না ব্যাটে লাগাতে। এবার তিনি লুকানোর ভঙ্গিতে র্যাকেটটা নিয়ে পেছনে রাখলেন, তার ওই কাণ্ড দেখে দর্শকরা তো হেসেই খুন! বোলার বল ছোড়ার আগ মুহূর্তে তড়িৎ ব্যাট ছুড়ে ফেলে ধরলেন র্যাকেট, আবারও দর্শকদের সে কী হাসি। এবার আর কোনো ভুল নয়, তার র্যাকেটের ছোঁয়ায় বল গিয়ে পড়ল গ্যালারিতে!
