সিটির বিপক্ষে ১২ হারের পর জয়ের স্বাদ পেল আর্সেনাল
কিছুটা ভাগ্যের ছোঁয়ায় শেষ দিকে ম্যাচের ডেডলক খোলে মিকেল আর্তেতার দল।
শুরুর আক্রমণাত্মক মনোভাব দ্রুতই হারিয়ে ফেলল ম্যানচেস্টার সিটি। আর্সেনালও সেভাবে পারছিল না খোলস ছেড়ে তেঁড়েফুঁড়ে বেরিয়ে আসতে। দ্বিতীয় অর্ধের শেষ দিকে তারাই গোল পেয়ে গেল আচমকা, কিছুটা ভাগ্যের ছোঁয়াও ছিল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে ১২ হারের পর জয়ের দেখা পেল আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে সিটিকে ১-০ গোলে হারায় আর্সেনাল। ৮৬তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন মার্তিনেল্লি।
মৌসুমের শুরুতে এর আগের দেখায় টাইব্রেকারে সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছিল আর্সেনাল।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে সিটি। চতুর্থ মিনিটে ইয়োসকো ভার্দিওলের শট প্রতিহত হয়। পরের মিনিটে নাথান আকের শট অল্পের জন্য যায় ক্রসবারের ওপর দিয়ে।
অষ্টাদশ মিনিটে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় বেঁচে যায় আর্সেনাল। ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে দেরি করে বসেন দাভিদ রায়া। পরে তার শট সিটির হুলিয়ান আলভারেসের গায়ে লেগে বাইরে যায়। বল গোলমুখে ছুটলে আর্সেনাল গোলরক্ষকের করার থাকত না কিছুই। এরপর থেকে সিটির খেলায় মরিয়া ভাব কমতে থাকে।
অন্যদিকে বলের নিয়ন্ত্রণ বাড়াতে পারলেও আর্সেনালের আক্রমণের ধার বাড়ছিল না। ৩২তম মিনিটে মার্টিন ওডেগোরের বাঁকানো ফ্রি কিক এদেরসনের পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। প্রথমার্ধে কোনো শটই সিটির গোলমুখে রাখতে পারেনি আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে লেয়ান্দ্রো ত্রোসার্দকে তুলে গাব্রিয়েল মার্তিনেল্লিকে নামান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ৫১তম মিনিটে মার্তিনেল্লির শট আটকান এদেরসন। পোস্টে এটাই আর্সেনালের প্রথম শট! একটু পর সিটির আলভারেসের শট আটকে যায় রক্ষণে। ম্যাচে গতি ফেরার ইঙ্গিতও মেলে কিছুটা।
সিটি সমর্থকরা গোলের জন্য যার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিল, সেই আর্লিং হলান্ড ছিলেন নিজের ছায়া হয়ে। গোলের জন্য অপেক্ষার ক্ষণ গোনা সিটি কোচ গুয়ার্দিওলাও ডাগআউটে হতাশা প্রকাশ করতে থাকেন।
৬৮তম মিনিটে একসঙ্গে গুয়ার্দিওলা তিনটি পরিবর্তন আনেন। রিকো লুইস, মাতেও কোভাসিচ ও আলভারেসকে তুলে জন স্টোনস, মাথিয়াস নুনেস ও জেরেমি ডোকুকে নামান। খানিক পরই মার্তিনেল্লির পাস ধরে ওডেগার্ডের নেওয়া শট উড়ে যায় সিটির ক্রসবারের উপর দিয়ে।
৮৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আর্সেনাল। কাই হাভার্টজের পাস ধরে শট নিয়েছিলেন মার্তিনেল্লি। বল আকের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, কিছুই করার ছিল না এদেরসনের।
এই হারে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হলো সিটির। আট ম্যাচে দুই হারে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
সমান ম্যাচে ২০ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার শীর্ষে আর আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে।
এর আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ২-২ ড্র করে আসা লিভারপুল ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
