প্রতিপক্ষকে গুরুত্ব না দিয়ে হেরেছে বায়ার্ন, মানতে নারাজ টুখেল
বায়ার্ন মিউনিখ কোচ মনে করেন, তৃতীয় স্তরের দল জাব্রুকেনকে যথেষ্ট সম্মান দিয়েই খেলেছে তার দল।
শক্তিশালী কোনো ক্লাব তুলনামূলক অনেক দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হলে বড় দলটির মধ্যে লড়াইয়ের তাড়না কিছুটা কমে যাওয়ার আশঙ্কা থাকে। আর দিনশেষে যদি পচা শামুকে পা কাঁটার ঘটনা ঘটেই যায়, তাহলে তা নিয়ে শুরু হয় আলোচনা। তেমনি, তৃতীয় স্তরের দল জাব্রুকেনের বিপক্ষে হেরে বায়ার্ন মিউনিখের জার্মান কাপ থেকে বিদায়ের পর অনেকে মনে করছেন, প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান না দেওয়ার কারণেই হারতে হয়েছে তাদের।
বায়ার্ন কোচ টমাস টুখেল অবশ্য একেবারেই তা মানতে নারাজ। অভিজ্ঞ এই কোচ বললেন, প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নেননি তারা।
জার্মান ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ডে বুধবার জাব্রুকেনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বায়ার্ন।
টমাস মুলারের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরাই। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। বিরতির ঠিক আগে সমতা টানে জাব্রুকেন। এরপর ম্যাচের অন্তিম সময়ে টুখেলের দলকে স্তব্ধ করে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
সবশেষ ২০২০ সালে জার্মান কাপের শিরোপা ঘরে তুলেছিল বায়ার্ন। শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুতেই পুঁচকে দলের বিপক্ষে হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।
বুন্ডেসলিগায় পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা বায়ার্নের পরের ম্যাচ ঘরোয়া এই লিগে, আগামী শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
