একুয়েডরের প্রতিভাবান মিডফিল্ডারকে দলে টানছে চেলসি
১৬ বছর বয়সী কেন্দ্রি পায়েস ২০২৫ সালে যোগ দেবেন ইংলিশ ক্লাবটিতে।
দক্ষিণ আমেরিকার তরুণ প্রতিভাবান মিডফিল্ডার কেন্দ্রি পায়েসকে দলে টানতে তার বর্তমান ক্লাব ইন্দেপেন্দিয়েন্ত দেল ভাইয়ের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে সোমবার বিষয়টি জানায় ইংলিশ দলটি। খুব শিগগিরই অবশ্য চেলসিতে যোগ দিচ্ছেন না ১৬ বছর বয়সী পায়েস। ১৮ বছরে পা দেওয়ার পর ২০২৫ সালের মে মাসে চেলসিতে যোগ দেবেন তিনি।
বর্তমানে লাতিন আমেরিকার সেরা প্রতিভাবানদের একজন হিসেবে বিবেচনা করা হয় পায়েসকে। এই মৌসুমে একুয়েডরের শীর্ষ লিগে সবার ওপরে থাকা ইন্দেপেন্দিয়েন্তের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি।
চলতি বছর অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকায় একুয়েডরের রানার্স-আপ হওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন পায়েস। আসরে দুটি গোল করেন তিনি।
২০২২-২৩ মৌসুমটা খুব বাজে কাটে চেলসির। অন্তর্বর্তীকালীন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হাত ধরে প্রিমিয়ার লিগ শেষ করে তারা টেবিলের ১২ নম্বরে থেকে, ২৫ বছরের বেশি সময়ের মধ্যে যা তাদের সবচেয়ে খারাপ অবস্থান। কিছুদিন আগে নতুন কোচ হিসেবে তারা নিয়োগ দেয় মাওরিসিও পচেত্তিনোকে।
