২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেই বিদায় ঘন্টা বেজে যায় পিএসজিতে'

মাওরিসিও পচেত্তিনো মনে করেন, কোচদের যথেষ্ট সুযোগ দেয় না প্যারিসের ক্লাবটি।

'চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেই বিদায় ঘন্টা বেজে যায় পিএসজিতে'

২০২২ সালের জুলাইয়ে পিএসজির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বর্তমান চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনোকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 07:28 PM

Updated : 05 Aug 2023, 07:32 PM

পিএসজি অধ্যায়ে মাওরিসিও পচেত্তিনোর সময়টা যে  খারাপ ছিল, তা নয়। তবে তিনটি শিরোপা জেতার পরও পূর্বসূরিদের মত চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতায় চাকরি হারান তিনি। বর্তমানে চেলসির দায়িত্বে থাকা এই আর্জেন্টাইন মনে করেন, প্যারিসের ক্লাবটিতে কোচদের জন্য ইউরোপ সেরার মঞ্চে দলটির পারফরম্যান্সই শেষ কথা। 

২০২১ সালের জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নেন পচেত্তিনো। তার কোচিংয়ে লিগ ওয়ান, ফরাসি সুপার কাপ ও ফরাসি কাপ জেতে ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতেই ফিরতে হয় তাকে। ২০২১-২২ মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। এরপর গত বছরের মাঝামাঝি তাকে বরখাস্ত করা হয়। 

পচেত্তিনোর আগে ঘরোয়া প্রতিযোগিতায় সাফল্য পেলেও ইউরোপ সেরার মঞ্চে ব‍্যর্থতায় পিএসজির চাকরি হারান কার্লো আনচেলত্তি, টমাস টুখেলের মত কোচরাও। ক্লাবটিতে এভাবে কোচদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সন্তুষ্ট নন ৫১ বছর বয়সী পচেত্তিনো। 

আর্জেন্টাইন এই কোচ মনে করেন, সাফল্যের জন্য লিভারপুল বা ম্যানচেস্টার সিটির মত কোচদের সময় দেওয়া উচিত পিএসজির। গত শুক্রবার ফুটবল ডট লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিসের ক্লাবটিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন পচেত্তিনো। 

“(ম্যানচেস্টার) সিটি বা লিভারপুল (চ্যাম্পিয়ন্স লিগে) সেমি-ফাইনাল বা ফাইনালে হেরে যায়, এরপরও তারা কোচিং স্টাফদের প্রাক-মৌসুমে কাজ করার সুযোগ দেয়। সেখানে (পিএসজিতে) আমাকে এমন অনেক কিছু মেনে নিতে হয়েছিল, যা অসম্ভব ছিল।” 

“আমরা এই অভিজ্ঞতা থেকে খুব ইতিবাচক কিছু শিক্ষা পেয়েছি, বুঝতে পেরেছি যে আপনি যখন পিএসজির মতো একটি ক্লাবের দায়িত্ব নেবেন, তখন আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে। আপনি যদি আগের মৌসুমের কোচিং স্টাফদের (পূর্ববর্তী কোচ) মতোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হন, তাহলে আপনাকে পরবর্তী গন্তব্য দেখতে হবে।”