২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-বুসকেতস-আলবার সঙ্গে বার্সার হয়ে গলা ফাটাবেন সুয়ারেস

বার্সেলোনার জার্সিতে ফুটবলকে বিদায় জানাতে না পারার আফসোসটুকু অবশ্য আড়াল করেননি উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 04:38 PM

Updated : 14 Jan 2024, 09:20 PM

জীবনের প্রয়োজনে এখন তারা দূরে, কিন্তু বার্সেলোনার প্রতি সেই টান, ভালোবাসা এখনও অনুভব করেন লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা। তাই রেয়াল মাদ্রিদ আজও তাদের প্রতিপক্ষ! তাই ইন্টার মায়ামির মেসি, সুয়ারেস, সের্হিও বুসকেতস, জর্দি আলাবা সুদূর যুক্তরাষ্ট্রে বসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গলা ফাটাবেন বার্সেলোনার পক্ষে!

সৌদি আরবের রিয়াদে কিংস সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ে নামবে বার্সেলোনা ও রেয়াল। ক্লাসিকোর উত্তাপের ঢেউ আছড়ে পড়বে যুক্তরাষ্ট্রেও; মেসি-সুয়ারেসদের মনেও।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে পেছন ফিরে তাকালেন সুয়ারেস। নতুন ঠিকানায় পুরোনো বন্ধুদের একসাথে পেয়ে যারপরনাই খুশি উরুগুয়ের এই ফরোয়ার্ড। জানালেন, প্রিয় বার্সেলোনার জার্সিতে ফুটবলবে বিদায় জানাতে না পারার আক্ষেপও।

“কল্পনাও করিনি আমরা আবার একসাথে হব। কেননা, আমি ভেবেছিলাম, লিও (মেসি) বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে। ২০১৯ সালে বার্সেলোনার হয়ে আমরা সবকিছু জিতলাম এবং স্বপ্ন দেখেছিলাম, বার্সেলোনার হয়ে অবসর নেব (কিন্তু হয়নি)। প্রথমে আমি বার্সেলোনা ছাড়লাম, পরে বাকিরাও।”

কাম্প নউ থেকে সুয়ারেস, মেসিদের বিদায় খুব সুখকর হয়নি। মাঝের সময়ে যোগাযোগে পড়েছে ভাটার টান। কিন্তু ক্লাসিকোয় যে তারা সাবেক ক্লাব বার্সেলোনার পক্ষে থাকবেন, তা জোর দিয়েই বললেন সুয়ারেস। ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনার জন্য শুভকামনাও জানালেন তিনি।

“এখনও আমরা ক্লাসিকো নিয়ে আলোচনা করিনি, কিন্তু অবশ্যই ম্যাচটি দেখতে একত্রিত হব আমরা। কেননা, আমরা ফুটবল পছন্দ করি, বার্সেলোনাকে পছন্দ করি এবং সবসময় সুপার কাপের ফাইনাল দেখাটা আনন্দের। আপনারা জানেন, কোন দলের পক্ষে গলা ফাটাব আমরা। আমি ক্লাব (বার্সেলোনা) এবং সেখানকার আমার কয়েকজন বন্ধুর জন্য শুভকামনা জানাই।” 

“বর্তমান পরিস্থিতিই বিবেচ্য; সুপার কাপের ফাইনাল দেখাচ্ছে কত ভালো দল তারা। আমি জানি, লিগে তারা প্রত্যাশা অনুযায়ী অবস্থানে নেই, কিন্তু তারা একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলটি এখন পুনর্গঠনের মধ্যে আছে। অনেক নতুন খেলোয়াড় এবং এটা কঠিন প্রক্রিয়া; আস্তে আস্তে সব সমস্যার সমাধান তারা করবে। তার প্রথমটি সুপার কাপের ফাইনাল। তারা শিরোপা জয়ের চেষ্টা করবে, যেটা শাভি (এর্নান্দেস) এবং পুরো দলকে সবসময় সাহায্য করবে নৈতিক ও মানসিকভাবে।”