২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় কাটানোর আশা জাগিয়ে বেনজেমার রেকর্ড গড়া গোল

দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন এই স্ট্রাইকার, সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 11:12 AM

Updated : 09 Apr 2024, 11:27 AM

দর্শকদের অনেকে তখনও গ্যালারিতে থিতু হননি, নড়েচড়ে বসছিলেন কেউ কেউ। মাঠে তখনই উল্লাস করছেন কারিম বেনজেমা! দুঃসময় যাকে ঘিরে ধরেছিল আষ্টেপৃষ্ঠে, প্রায় চার মাস ধরে যিনি গোলের দেখা পাচ্ছিলেন না, সেই তিনি গোল করে ফেললেন ম্যাচের বয়স এক মিনিট হওয়ার আগেই।

বেনজেমার সেই রেকর্ড গড়া গোলের পথ ধরে শেষ পর্যন্ত জয়ের ঠিকানায় পৌঁছে গেল তার দল আল ইত্তিহাদ। আল-ওয়েহদাকে ২-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠল তারা।

আবু ধাবিতে সোমবার প্রতিপক্ষের ভুল থেকে বল পেয়ে যখন গোল করেন বেনজেমা, খেলা হয়েছে তখন স্রেফ ৫৫ সেকেন্ড।

সৌদি সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোল এটিই। ২০১৩ সালে আগের রেকর্ডটি গড়েছিলেন আল ফাতেহর স্ট্রাইকার দরিস সালোমো ফুয়াকুপুতু।

অবিশ্বাস্য হলেও সত্যি, চতুর্থ মাসে এসে এই বছরের প্রথম গোলের দেখা পেলেন বেনজেমা। সবশেষ গোলটি তিনি করেছিলেন গত ১৫ ডিসেম্বর।

সৌদি প্রো লিগে গত নভেম্বরের পর আর গোল করতে পারেননি তিনি। লিগের চলতি মৌসুমে ২০ ম্যাচে কেবল ৯ গোল তার।

বেনজেমার গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে আব্দেররাজ্জাক হামেদাল্লাহর গোলে ব্যবধান আরও বাড়ায় আল-ইত্তিহাদ। পরে ম্যাচের একদম শেষ সময়ে একটি গোল ফিরিয়ে দেয় আল-ওয়েহদা। ম্যাচের ভাগ্য তা বদলাতে পারেনি।

বৃহস্পতিবারের ফাইনালে বেনজেমাদের প্রতিপক্ষ আল-হিলাল। একই দিনে ক্রিস্তিয়ানো রোনালদোর আল-নাস্‌রকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।