লিভারপুল-আর্সেনালের 'দুর্ভাবনা' যখন সিটির 'বাড়তি সুবিধা'
মহাদেশীয় টুর্নামেন্টে খেলতে মোহামেদ সালাহ ও সন হিউং মিনদের মতো প্রিমিয়ার লিগের অনেক খেলোয়াড়ই জাতীয় দলে ফিরে যাবেন।
ইংলিশ ফুটবলে শুরু হয়েছে মৌসুমের দ্বিতীয় পর্ব। দারুণ জমে উঠেছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই। বিস্ময় জাগানিয়া ফুটবল উপহার দিয়ে অ্যাস্টন ভিলার উত্থান ‘শিরোপা যুদ্ধকে’ করেছে আরও আকর্ষণীয়; লিগ টেবিলের শীর্ষ পাঁচটি দলের মধ্যে ব্যবধান কেবল ৬ পয়েন্ট। ভীষণ এই গুরুত্বপূর্ণ সময়ে এশিয়া কাপ ও আফ্রিকান কাপ অব নেশন্সের জন্য খেলোয়াড় ছাড়তে হচ্ছে লিভারপুল, আর্সেনালের মতো দলগুলোকে। ম্যানচেস্টার সিটির অবশ্য এই দুর্ভাবনা নেই।
আগামী ১২ জানুয়ারি শুরু হবে এশিয়া কাপ। এর একদিন পর পর্দা উঠবে আফ্রিকান নেশন্স কাপের। মহাদেশ সেরার এই দুই প্রতিযোগিতায় খেলতে মোহামেদ সালাহ, সন হিউং মিনদের মতো চলে যাবেন অনেকেই।
লিগের শিরোপা প্রতিদ্বন্দ্বী দলগুলোর এই সময়ে খেলোয়াড় হারানোটা কি ম্যানচেস্টার সিটির জন্য বাড়তি সুবিধা হয়ে আসবে? উত্তরটা অবশ্যই সময়ের হাতে তোলা। তবে আপাতদৃষ্টিতে, শিরোপা লড়াইয়ে তা কিছুটা হলেও প্রভাব ফেলার কথা।
বড়দিনের আগে-পরে মিলিয়ে ভীষণ ব্যস্ত সূচি পার করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আর এই সময়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উল্লেখযোগ্য ওলট-পালটও হয়েছে।
১৭ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল আর্সেনাল। সমান ৩৮ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ছিল লিভারপুল ও অ্যাস্টন ভিলা। আর তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি।
এরপরই পয়েন্ট হারানোর শুরু আর্সেনালের। বড় দিনের আগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র করে তারা। এরপর ২৮ ডিসেম্বর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে এবং গত বছরের শেষ দিনে ফুলহ্যামের মাঠে গিয়ে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বসে মিকেল আর্তেতার দল।
তাদের এই ধারাবাহিক ব্যর্থতার বড় সুযোগটা নিয়েছে লিভারপুল। জয়ের ধারা ধরে রেখে চূড়ায় উঠে বসেছে তারা; ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
সিটির সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে আর্সেনাল, ২০ ম্যাচ খেলেছে তারা।
দুই মহাদেশ সেরার লড়াইয়ের জন্য খেলোয়াড় ছেড়ে হয়তো সবচেয়ে বেশি ‘সমস্যায়’ পড়তে যাচ্ছে আর্সেনাল। আফ্রিকান নেশন্স কাপ খেলতে যাচ্ছেন মিশরের মিডফিল্ডার এননেনি। চোট না পেলে ঘানার হয়ে খেলতেন মিডফিল্ডার টমাস পার্টি। এশিয়া কাপে জাপানের হয়ে খেলবেন ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসু।
সংখ্যার বিবেচনায় লিভারপুলের ক্ষতি অতটা মনে না হলেও কার্যত তা অনেক বেশি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহামেদ সালাহকে যে ছাড়তে হচ্ছে তাদের। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলস্কোরার মিশরের এই ফরোয়ার্ড; দুজনেই করেছেন ১৪টি করে গোল।
জাতীয় দলে যোগ দেওয়ার আগে সবশেষ ম্যাচেই যেমন সালাহর গুরুত্বটা বোঝা গেছে আরও ভালোভাবে। সোমবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরুতে পেনাল্টি মিস করার পরও ঘুরে দাঁড়িয়ে তিনিই জয়ের নায়ক। লিভারপুলের ৪-২ ব্যবধানে জয়ে দুটি গোল করার পাশাপাশি অন্য দুই গোলে অবদানও রেখেছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
অ্যাস্টন ভিলাও হারাচ্ছে একজন খেলোয়াড়; বুর্কিনা ফাসোর মিডফিল্ডার বের্ট্রান্ড ত্রাওরে। ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার হারাচ্ছে তাদের চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা সন হিউং-মিনকে। দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড এবারের লিগে এখন পর্যন্ত করেছেন ১২ গোল। টটেনহ্যাম আরও পাবে না মালির মিডফিল্ডার বিসোমাকে।
সিটি কোচ পেপ গুয়ার্দিওলার অবশ্য এমন কোনো দুর্ভাবনা নেই। এই দুই মহাদেশীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারে, এমন কোনো খেলোয়াড়ই যে তার স্কোয়াডে নেই। গত মৌসুমে ট্রেবল এবং ২০২৩ সালে মোট পাঁচটি শিরোপা জয়ী দলটি বরং দুই সপ্তাহের বিরতি পেয়ে মৌসুমের সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পরিকল্পনা আঁটছে।
আফ্রিকান নেশন্স কাপের প্রভাব পড়তে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডেও। একের পর এক বাজে পারফরম্যান্সে এমনিতেই দলটির অবস্থা ছন্নছাড়া, মৌসুমের শুরু থেকেই ভীষণ খারাপ সময় পার করছে তারা। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
তাদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কঠিন সেই অভিযানে তাদের এগোতে হবে মূল গোলরক্ষক ক্যামেরুনের আন্দ্রে ওনানা, মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত ও কোত দি ভোয়ার ফরোয়ার্ড আমাদ দিয়ালোকে ছাড়া।
খেলোয়াড় হারাচ্ছে লিগের আরও অনেকগুলো দল। নটিংহ্যাম ফরেস্টের যেমন সবচেয়ে বেশি ৬ জন খেলোয়াড় যাচ্ছে এই দুই মহাদেশীয় প্রতিযোগিতায়।
অবশ্য সামনে কিছুদিন বিরতি পাচ্ছে প্রিমিয়ার লিগ। আগামী সপ্তাহে মাঠে গড়াবে এফএ কাপের তৃতীয় রাউন্ড। এরপর শীতকালীন ছোট বিরতিতে যাবে দলগুলো।
ততদিনে এশিয়া কাপ ও আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্ব শেষের দিকে চলে যাবে। তাই, আগেভাগে কিছু খেলোয়াড় হয়তো ফিরে আসতে পারবেন নিজ নিজ ক্লাবে।
