ফকিরেরপুলের জালে কিংসের ১৪, রদ্রিগেজের ৬ গোল
বড় জয়ে স্বাধীনতা কাপ শুরু করেছে অস্কার ব্রুসনের দল।
ফকিরেরপুল ইয়ংমেন্সকে নিয়ে যেন ছেলেখেলা করল বসুন্ধরা কিংস। শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য আধিপত্য দেখিয়ে, ডজনের বেশি গোল করে স্বাধীনতা কাপ শুরু করল অস্কার ব্রুসনের দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কিংস। এ প্রতিযোগিতায় এটিই তাদের সর্বোচ্চ ব্যবধানের জয়।
আবাহনী থেকে এ মৌসুমে কিংসে যোগ দেওয়া দোরিয়েলতন গোমেস রদ্রিগেজ একাই করেন ৬ গোল, রবিনিয়ো ৩টি। একটি করে গোল বিপলু আহমেদ, কাজী তারিক রায়হান, মিগেল ফিগেইরা, মাশুক মিয়া জনি ও ইয়াসিন আরাফাতের।
গত আসরে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে হারিয়েছিল কিংস। ২০১৬ সালে আবাহনী লিমিটেড সেমি-ফাইনালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৬ গোল দিয়েছিল।
আসরে প্রথম সোমবার মাঠে নেমে প্রথমার্ধেই সাত গোল করে কিংস। শুরুটা ষষ্ঠ মিনিটে। বাঁ দিক থেকে রিমন হোসেনের নিচু ক্রস থেকে লক্ষ্যভেদ করেন বিপলু আহমেদ। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় কাজী তারিক রায়হানের গোলে।
এরপর থেকে চলতে থাকে গোলের মচ্ছব। দ্বাদশ মিনিটে দোরিয়েলতন সাথে বল দেওয়া-নেওয়া প্লেসিং শটে জাল খুঁজে নেন রবসন দি সিলভা রবিনিয়ো। ২১তম মিনিটে গোলের মিছিলে যোগ দেন মিগেল ফিগেইরা। তিন মিনিট পর ফ্রি কিক থেকে স্কোরলাইন ৫-০ করেন রবিনিয়ো।
২৭তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন কিংসের নতুন খেলোয়াড় দোরিয়েলতন গোমেজ। এরপর ৪৪, ৪৮, ৮৪, ৮৫ ও ৯০তম মিনিটে মিনিটে আরও পাঁচ গোলে ‘ডাবল হ্যাটট্রিক’ পূরণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬১তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রবিনিয়ো। এছাড়াও বদলি নেমে ফকিরেরপুলের জালে গোলোৎসব করেন ইয়াসিন আরাফাত ও মাশুক মিয়া জনি।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমুপর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
