পিএসজিতে আর কোনো চুক্তি নয়, স্পষ্ট করলেন এমবাপে
ফরাসি তারকা আরও বললেন, অনেক আগেই এই সিদ্ধান্ত ক্লাবকে জানিয়েছেন তিনি।
চুক্তি নবায়ন নিয়ে পিএসজির সঙ্গে কোনো আলোচনাই হয়নি বলে জানালেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা একই সঙ্গে নিশ্চিত করে বললেন যে, প্যারিসের ক্লাবটিতে চুক্তির মেয়াদ বাড়াবেন না তিনি।
বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ এক বছর আগে থেকেই জানে বলে দাবি তার।
পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমে। অবশ্য বর্তমান চুক্তিতে শর্তসাপেক্ষে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।
ফ্রান্সের পত্রিকা লেকিপে সোমবার খবর প্রকাশ করে, চুক্তি নবায়ন না করার ইচ্ছার কথা ক্লাবকে একটি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন এমবাপে। এরপর নাকি ক্লাব কর্তৃপক্ষ তাকে জানায়, নতুন চুক্তি করতে হবে নয়তো এই গ্রীষ্মে তাকে বিক্রি করে দেওয়া হবে।
পরদিন বিবৃতি দিয়ে এমবাপে দাবি করেন, চুক্তি নবায়ন নিয়ে কখনও ক্লাবের সঙ্গে আলোচনাই করেননি তিনি।
“২০২৪ এর পর চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ২০২২ সালের ১৫ জুলাইতেই পিএসজিকে জানানো হয়েছে। আগে আমি তাদের যা বলেছি, সেটি নিশ্চিত করার জন্যই কেবল চিঠিটা পাঠানো হয়েছে।”
২০১৭ সালে ধারে মোনাকো থেকে পিএসজিতে নোঙর ফেলা এমবাপে প্রাথমিক চুক্তি অনুযায়ী পরের বছর সেখানে থিতু হন ১৮ কোটি ইউরোতে। এত মূল্য দিয়ে কেনা খেলোয়াড় মেয়াদ ফুরালে হয়ে যাবেন ফ্রি এজেন্ট।
২৪ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে চলে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিএসজি। এ কারণেই নাকি দলটি আগেভাবে তাকে ছেড়ে দিতে চায় বলে গণমাধ্যমের খবর।
দলটির হয়ে এ পর্যন্ত ২৬০ ম্যাচে ২১২ গোল করে তাদের সর্বোচ্চ গোলদাতাও এমবাপে। লিগ ওয়ানে সবশেষ পাঁচ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। গত ছয় মৌসুমে পিএসজির হয়ে পেয়েছেন পাঁচবার শিরোপা জয়ের স্বাদ।
দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে ভেড়াতে আগ্রহী। গত বছর দুই পক্ষের আলোচনা অনেক দূর এগিয়েছিল বলে খবর এসেছিল গণমাধ্যমে। কিন্তু শেষ মুহূর্তে এমবাপে ‘না’ বলে দেওয়ায় ভেস্তে যায় সেই আলোচনা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয় কিছুটা ‘দোটানাও’।
রিয়ালেও বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। আক্রমণভাগের নির্ভরতা করিম বেনজেমা কদিন আগে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। ফলে রিয়ালের এখন একজন স্ট্রাইকার খুব প্রয়োজন। টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকার কথাও শোনা যাচ্ছে।
