Published : 16 Apr 2023, 04:53 PM
ফিটনেস সমস্যায় ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিয়মিত হতে পারছেন না অঁতনি মার্সিয়াল। পুরো ম্যাচে খেলানোর জন্য ফরাসি এই ফরোয়ার্ডের ওপর তাই আস্থাও রাখতে পারছেন এরিক টেন হাগ। তবে এই ডাচ কোচ বললেন, তার আগামী মৌসুমের পরিকল্পনায় আছেন মার্সিয়াল।
গত জানুয়ারির পর বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা পান মার্সিয়াল। ২-২ গোলে ড্র হওয়া ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের লড়াইটিতে পুরো সময় খেলতে পারেননি তিনি। এক ঘণ্টা পর তাকে তুলে নেন টেন হাগ।
বারবার চোটে পড়া মার্সিয়াল ফিটনেস সমস্যায় পুরো মৌসুমেই শুরুর একাদশে নিয়মিত ছিলেন না। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে কেবল ১০টিতে শুরুর একাদশে ছিলেন ২৭ বছর বয়সী ফুটবলার।
প্রিমিয়ার লিগের রোববার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ইউনাইটেড। আগের দিন সংবাদ সম্মেলনে টেন হাগকে প্রশ্ন করা হয়, মার্সিয়ালের ওপর দীর্ঘদিনের জন্য ভরসা রাখা হবে কি-না।
“বলা কঠিন, কারণ ইতিহাস ভিন্ন কিছু বলে। তবে আমি তাকে চাই, কারণ সে দারুণ খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার মান তার অবশ্যই আছে। সে যখন ফিট থাকে, আমাদের দল ভালো খেলে।”
চলতি মৌসুমে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের তিনটি গোলে অবদান রাখেন মার্সিয়াল। তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই টেন হাগের।
“আমার মনে হয়, সে আক্রমণভাগের সব জায়গায় খেলতে পারে। আমার কাছে, সেন্ট্রাল ফরোয়ার্ডে সে সবচেয়ে ভালো। তবে দুই পাশেও সে খেলতে সক্ষম।”
কুঁচকির চোটে ভুগছেন মার্কাস র্যাশফোর্ড। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে তাই মার্সিয়ালকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
লিগে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। ২৯ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।