'পেলে-মারাদোনার মতোই আক্রান্ত ভিনিসিউস'
কার্লো আনচেলত্তির মতে, পেলে ও মারাদোনাকে থামাতে যেভাবে একের পর এক ফাউল করা হতো, ভিনিসিউসের ক্ষেত্রেও তাই হচ্ছে।
মাঠে নামলেই ভিনিসিউস জুনিয়রের বারবার ফাউলের শিকার হওয়ার বিষয়টি অনেক দিন ধরেই তার সতীর্থ ও কোচের দুর্ভাবনার কারণ। এই সমস্যা পরিষ্কারভাবে বোঝাতেই যেন ফুটবলের দুই কিংবদন্তির সঙ্গে তুলনা টানলেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচের মতে, পেলে ও মারাদোনাকে থামাতে প্রতিপক্ষ খেলোয়াড়রা যেভাবে একের পর এক ফাউল করতেন, ভিনিসিউসের ক্ষেত্রেও তাই করা হচ্ছে।
স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালে রিয়ালে পাড়ি জমান ভিনিসিউস। শুরুতে নতুন ঠিকানায় মানিয়ে নিতে বেশ ভুগতে হলেও গত দুই মৌসুম ধরে চোখজুড়ানো ফুটবল খেলছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২২ বছর বয়সী উইঙ্গারের।
তার গতি আর বল পায়ে কারিকুরির সঙ্গে তাল মেলাতে না পেরেই হয়তো তাকে আটকানোর শেষ উপায় হিসেবে ফাউল করাকে বেছে নেয় প্রতিপক্ষ।
লা লিগায় শনিবার আলমেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০টায়।
আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি আবারও তুলে ধরেন, মাঠে বারবার ভিনিসিউসের ফাউলের শিকার হওয়ার বিষয়টি। এটার মাত্রা বোঝাতে গিয়েই পেলে-মারাদোনার তুলনা টানেন ইতালিয়ান কোচ। একই সঙ্গে বলেন ভিনিসিউসের বর্ণবাদের শিকার হওয়ার কথাও।
“একদিকে চিন্তার বিষয়, মাঠে তাকে যা কিছুর মুখোমুখি হতে হচ্ছে, অন্যদিকে মাঠের বাইরে যা হচ্ছে। বাইরে যা হচ্ছে, তা সমাজের জন্য খারাপ, এখনও বর্ণবাদ রয়ে গেছে… আধুনিক সমাজ এমন হতে পারে না।”
“আর মাঠে, সত্যিটা হলো খেলোয়াড়রা তাকে অনেক বেশি ফাউল করে। দুর্ভাগ্যবশত, মারাদোনা ও পেলেকেও অনেক ফাউল করা হতো। আমাদের ভাগ্য ভালো যে, ভিনিসিউস শারীরিকভাবে শক্তিশালী এবং সে ওইসব চ্যালেঞ্জ সামলে নিতে পারে।”
এভাবে চলতে থাকলে সামনে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এই খেলোয়াড়ের ক্যারিয়ার পড়ে যেতে পারে হুমকির মুখে। তাই কেবল ভিনিসিউসকে নয়, অন্য খেলোয়াড়দেরও মাঠে যথেষ্ট সুরক্ষা দেওয়ার প্রয়োজন দেখছেন আনচেলত্তি।
“এ বিষয়ে আমাদের দু:শ্চিন্তা হয়, আর এটাই তো স্বাভাবিক। সে (ভিনিসিউস) তার প্রতিপক্ষকে ওয়ান-অন-ওয়ানে হারাতে চায়, সে ড্রিবল করে…তাই এই ধরনের সব খেলোয়াড়দের সুরক্ষা দিতে, কেবল ভিনিসিউসকে নয়, সব খেলোয়াড়ের জন্য মাঠে (রেফারির) সঠিক সিদ্ধান্তের প্রয়োজন। একমাত্র এর মাধ্যমেই খারাপ কিছু প্রতিরোধ করা সম্ভব।”
একের পর এক গতিময় সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিতে পটু ভিনিসিউস এবারের লা লিগায় এখন পর্যন্ত করেছেন ১০ গোল। সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯টি।
লিগে তার দলের অবস্থা অবশ্য ভালো নয়। শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষই বলা যায়। ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা; চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে ১১ পয়েন্টে।
